>বিদায়ী বছরের অর্থনীতির গতি-প্রকৃতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন

প্রথম আলো: কেমন ছিল বছরটি?
জাহিদ হোসেন: বিদায়ী বছরটি মোটাদাগে ভালো ছিল। ব্যবসা-বাণিজ্য করার জন্য সহায়ক ছিল। শান্তিপূর্ণ পরিবেশ ছিল। আগের বছরগুলোর মতো এ শান্তিপূর্ণ পরিবেশ ভঙ্গ হওয়ার কোনো আশঙ্কাও ছিল না। দেশের অর্থনীতিতে কাঠামোগত সমস্যা এবং বৈশ্বিক অর্থনীতিতে টালমাটাল অবস্থা থাকা সত্ত্বেও ৬ শতাংশের ওপরে প্রবৃদ্ধি ছিল।
তবে প্রবৃদ্ধির সংখ্যা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে, যা বিভ্রান্তিকরও বটে। গত এপ্রিল মাসে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া হিসাবের সঙ্গে গত অক্টোবর মাসের চূড়ান্ত হিসাবের তফাত আছে। এপ্রিল মাসের দেওয়া হিসাবে বিবিএস বলেছে, প্রবৃদ্ধির সাময়িক প্রাক্কলন হলো ৭ দশমিক ০৫ শতাংশ। মূলত সেবা খাত থেকে এ প্রবৃদ্ধি এসেছে। বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির কারণে এ প্রবৃদ্ধি হয়েছে। এ ছাড়া সরকারি ভোক্তা ব্যয় ও সরকারি বিনিয়োগ বৃদ্ধিও এ প্রবৃদ্ধির কারণ। কিন্তু অক্টোবর মাসে বিবিএসের চূড়ান্ত হিসাবে দেখা গেছে, প্রবৃদ্ধিতে সেবা খাতের অত বড় ভূমিকা ছিল না। সরকারি বিনিয়োগের ভূমিকাও খুব বেশি নয়। মূল ভূমিকা হলো বেসরকারি বিনিয়োগের। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২২ দশমিক ৯৯ শতাংশ বেসরকারি বিনিয়োগ হয়েছে, যা আগের বছরের তুলনায় ১ শতাংশের মতো বেশি। এর মানে হলো, ব্যক্তি খাতে অনেক বেশি বিনিয়োগ হয়েছে। বিবিএসের এমন দুই ধরনের তথ্য একটু অস্বাভাবিক। এ নিয়ে বিবিএসের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া উচিত।
প্রথম আলো: প্রবৃদ্ধি বাড়লেও কর্মসংস্থানের দিক থেকে বছরটি কেমন ছিল?
জাহিদ হোসেন: ২০১৬ সালে কর্মসংস্থানের জন্য খুব ভালো বছর ছিল না। যদিও সাত লাখের মতো মানুষ বিদেশে গেছেন। তবু এটা আশাবাদী হওয়ার মতো নয়। কেননা, যাঁরা বিদেশে গেছেন, তাঁদের বেশির ভাগই মধ্যপ্রাচ্যে গেছেন। কিন্তু এসব দেশ অর্থনৈতিক মন্দা কাটিয়ে শক্তিশালী হয়েছে—এমন কোনো কথা বলা যায় না। সেখানে গিয়ে আমাদের শ্রমিকেরা আগের চেয়ে বেশি বেতন পাবেন—এটা আশা করা যায় না। তাহলে তাঁরা কেন গেলেন, এমন প্রশ্ন আসতেই পারে। মূলত দেশে কর্মসংস্থানের ভালো সুযোগ ছিল না বলেই তাঁরা বিদেশে পাড়ি জমিয়েছেন। বিবিএসের সর্বশেষ জরিপে দেখা গেছে, ২০১৫ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত আগের ২১ মাসে মাত্র ছয় লাখ নতুন কর্মসংস্থান হয়েছে। এমন অবস্থায় ২০১৬ সালে কর্মসংস্থানের প্রবণতা ভালো ছিল না, এটা সহজেই অনুমান করা যেতে পারে।
প্রথম আলো: নতুন বছরের জন্য চ্যালেঞ্জগুলো কী তাহলে?
জাহিদ হোসেন: ২০১৭ সালে বাংলাদেশের অর্থনীতিতে অভ্যন্তরীণ ও বহির্বিশ্বে—দুই ক্ষেত্রেই চ্যালেঞ্জ আছে। বহির্বিশ্বের ক্ষেত্রে চ্যালেঞ্জ হলো যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের বাণিজ্য-বিষয়ক দৃষ্টিভঙ্গি এবং ইউরোপের বাজারে মন্দাভাব। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ২০১৭ সালে বিশ্ববাণিজ্য সংকুচিত হবে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীনের মতো বড় বাণিজ্য অংশীদারদের মধ্যে ঝগড়াঝাঁটি বাড়বে, যা আমাদের মতো দেশেও প্রভাব ফেলবে। এদিকে ২০১৭ সালে ব্রেক্সিট বাস্তবায়ন শুরু হলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বাংলাদেশের অর্থনীতিতে।
এদিকে অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো পুরোনো। অর্থনীতির কাঠামোগত সমস্যা বিশেষ করে ব্যবসা করার পরিবেশ সহজ করায় বেশি জোর দিতে হবে। বড় প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করে বিনিয়োগ আকৃষ্ট করার পথটি ত্বরান্বিত করতে হবে। প্রবাসী আয়ের যে ধস নেমেছে, তা থামাতে হবে। রাজস্ব খাত সংস্কার ও এডিপির গুণগত মান নিশ্চিত করতে হবে। আর্থিক খাতের ক্রমাবনতি, আরেকটি নতুন সমস্যা অর্থনীতিতে যুক্ত হচ্ছে।