বিদায়ী বার্নিকাটের ঈদ শুভেচ্ছা

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট পবিত্র ঈদুল আজহায় বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। ঈদুল আজহা উপলক্ষে বুধবার ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ঈদের শুভেচ্ছা জানান তিনি।
ভিডিওতে দেখা যায়, শাড়ি পরে বাংলায় ঈদ শুভেচ্ছা জানাচ্ছেন বার্নিকাট। তিনি বলেন, ‘ঘুরে ফিরে বারে বারে, ঈদ আসে ঈদ চলে যায়। ঈদ হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়। সবাইকে ঈদ মোবারক।’ বিদায়ী রাষ্ট্রদূত আরও বলেন, ‘বিদায়ের আগে শেষবারের মতো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।’
ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজের ৬০ লাখ অনুসারীকে ধন্যবাদ জানান মার্শা বার্নিকাট।
মার্শিয়া ব্লুম বার্নিকাট ২০১৫ সালের ২৬ জানুয়ারি ঢাকায় আসেন। ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৫তম রাষ্ট্রদূত হিসেবে তিনি ড্যান মজীনার স্থলাভিষিক্ত হন। ঢাকায় আসার ২০ দিনের মাথায় ওই বছরের ১৫ ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বার্নিকাটের সাক্ষাৎ হয়। মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মার্শিয়া বার্নিকাট ২০১৫ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটনে শপথ নেন। এ বছরই তাঁর মেয়াদ শেষ হচ্ছে। বার্নিকাটের স্থলাভিষিক্ত হচ্ছেন রবার্ট মিলার।