বিদিত লাল দাস আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাধের লাউ বানাইল মোরে বৈরাগী’, ‘মরিলে কান্দিস না আমার দায়’, ‘কারে দেখাব মনের দুঃখ গো’, ‘আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু’—এমন বহু জনপ্রিয় গানের সুরস্রষ্টা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বিদিত লাল দাস আর নেই। গতকাল সোমবার ভোর পাঁচটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জন্ম সিলেটের শেখঘাট এলাকায়।বিদিত লাল দাসের মৃত্যুর সংবাদ পেয়ে সংগীতশিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের অনেকে শ্রদ্ধা ও শোক প্রকাশ করতে স্কয়ার হাসপাতালে ছুটে আসেন। স্কয়ার হাসপাতালের কিডনি বিভাগের পরামর্শক ও বিদিত লাল দাসের চিকিৎসক আবদুল ওয়াহাব খান প্রথম আলো ডটকমকে বলেন, ফুসফুসে সংক্রমণসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। ২২ সেপ্টেম্বর থেকে তিনি এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে গতকাল সকালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।গতকাল দুপুর ১২টায় তাঁর মরদেহ নিয়ে আত্মীয়স্বজনেরা সিলেট রওনা হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার প্রদানের জন্য মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বেলা দুইটায় সুবানীবাজার শ্মশানঘাটে দাহ করা হবে।শিল্পী বিদিত লাল দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি তপন মাহমুদ ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বিবৃতি দিয়েছেন।