দেশে প্রথমবারের মতো অভিবাসী শ্রমিকদের জন্য স্মার্ট কার্ড চালুর তিন মাস পার হলেও বেশির ভাগ শ্রমিক এখনো এর ব্যবহার জানেন না। প্রতারণা ঠেকাতে কার্ডটির ব্যবহার বাধ্যতামূলক করা হয়। প্রবাসী কল্যাণ ও জনশক্তি মন্ত্রণালয় গত ৭ ফেব্রুয়ারি প্রথমবারের মতো এ কার্ড চালু করে।সরেজমিনে দেখা গেছে, বেশির ভাগ শ্রমিক এখনো জানেন না, স্মার্ট কার্ড কী ও কেন এটি প্রয়োজন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক সাইফুল ইসলাম জানান, বুয়েটের কারিগরি সহায়তায় এ বছরের শুরুতে এক কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে স্মার্ট কার্ড তৈরির কাজ শেষ হয়। এই কার্ডে শ্রমিকের নাম, ঠিকানা, রপ্তানিকারক প্রতিষ্ঠানের নাম, লাইসেন্স নম্বর, আমদানিকারক প্রতিষ্ঠানের নাম, বেতন প্রভৃতি তথ্য সংরক্ষিত থাকে। এই কার্ড থেকে সব তথ্য কম্পিউটারে মিলিয়ে নেওয়ার সুযোগ আছে। এতে শ্রমিকেরা বিদেশে গিয়ে আর প্রতারণার শিকার হবেন না, কেউ মারা গেলে সহজেই পরিবারের সদস্যরা খবর ও ক্ষতিপূরণ পাবেন।জানা গেছে, অসাধু রপ্তানিকারকেরা প্রথম থেকেই কার্ড চালুর বিরোধিতা করছিলেন। এমনকি পরীক্ষামূলকভাবে কার্ড বিতরণ শুরুর চার দিনের মাথায় ১১ ফেব্রুয়ারি রপ্তানিকারকেরা প্রকাশ্যে বিক্ষোভ করেন। জনশক্তি প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরোর (বিএমইটি) সূত্র জানায়, এখন বাধ্যতামূলক হওয়ায় অসাধু জনশক্তি রপ্তানিকারকেরা নিয়ম রক্ষার্থে কার্ড নিচ্ছেন। তবে তাঁরা কার্ডের ব্যবহারবিধি শ্রমিকদের জানাচ্ছেন না। কারণ এই কার্ড শ্রমিকেরা জেনে-বুঝে ব্যবহার করলে তাঁরা কোথায়, কত দিনের জন্য, কত বেতনে যাচ্ছেন—সব তথ্য জেনে যাবেন।সূত্র বলছে, স্মার্ট কার্ড শ্রমিক ও রপ্তানিকারক সংগঠন—এ দুই পক্ষকে দেওয়ার বিধান রয়েছে। সাধারণত মাঠপর্যায়ে দালালেরা শ্রমিক সংগ্রহের কাজ করছেন এবং রপ্তানিকারকেরা ঢাকায় এই কার্ড তৈরির জন্য ফরম পূরণের কাজ করছেন। কার্ড সংগ্রহও করছেন তাঁরা। পুরো প্রক্রিয়ায় শ্রমিকদের সংশ্লিষ্টতা থাকছে না বললেই চলে।নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আসা লিবিয়াগামী একদল শ্রমিকের সঙ্গে কথা বলে এই তথ্যের সত্যতা পাওয়া যায়। তাঁরা প্রথম আলোকে বলেন, এই কার্ড সম্পর্কে তাঁরা জানেন না।বিএমইটির পক্ষ থেকেও এ বিষয়ে শ্রমিকদের জানানোর তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিষ্ঠানটির গবেষণা, পর্যবেক্ষণ ও কম্পিউটার বিভাগের পরিচালক মো. নুরুল ইসলাম বলেন, প্রচারের জন্য বিএমইটির তেমন বাজেট নেই।এদিকে স্মার্ট কার্ড বাধ্যতামূলক হওয়ায় এখন ছাত্র ভিসায় শ্রমিক পাঠানোর বিষয়টি জনপ্রিয় হয়ে উঠেছে। ইউএসএইডের মানব পাচারসম্পর্কিত একটি প্রকল্পে কর্মরত আল আমিন এ তথ্য জানান। মালয়েশিয়া থেকে ফেরত আমিন বলেন, দেশটিতে দুই বছর ধরে বাংলাদেশিদের নিয়োগ বন্ধ থাকলেও ছাত্র বা পর্যটক ভিসায় বাংলাদেশিরা যাচ্ছেন। প্রধানত তাঁরা নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছেন।প্রবাসী কল্যাণ ও জনশক্তিমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানান, ছাত্র ভিসায় লোক পাঠানোর বিষয়টি নিয়ন্ত্রণের সুযোগ তাঁর মন্ত্রণালয়ের নেই। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার। তিনি বলেন, রপ্তানিকারকেরা শ্রমিকদের কাছে অতিরিক্ত অর্থ আদায় করছেন। প্রচার চালানোর দায়িত্ব তাঁদের ওপরই বর্তায়।জনশক্তি রপ্তানিকারক সমিতি আগে স্মার্ট কার্ড চালুর বিরোধিতা করলেও এখন বলছে, ‘জনগণের’ যদি সুবিধা হয়, তাহলে তাঁদের কোনো আপত্তি নেই। নবনির্বাচিত সভাপতি আবুল বাশার প্রথম আলোকে বলেন, তাঁরা কার্ডের বিরোধী নন। তাঁরা চান, শ্রমিকদের দুর্ভোগ কমানোর জন্য এ ব্যবস্থা জেলা পর্যায় পর্যন্ত ছড়িয়ে দেওয়া হোক। তিনি বলেন, প্রকৃতপক্ষে এই পদ্ধতি অত্যন্ত ধীর।