বিদেশ থেকে নয় মাসে ফেরত ৩৬ হাজার কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের নয় মাসে ৩৬ হাজার ৩৫ জন কর্মী বিদেশ থেকে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি শ্রমিক ফেরত এসেছেন প্রধান শ্রমবাজার সৌদি আরব ও মালয়েশিয়া থেকে। তবে ২০০৯ সালের প্রথম নয় মাসের তুলনায় এবার ফেরত আসা কর্মীর সংখ্যা কিছুটা কম।২০০৯ সালের নয় মাসে বিদেশ থেকে ফেরত এসেছিলেন ৫৮ হাজার ৭৭৩ জন কর্মী।জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অভিবাসনসংক্রান্ত শাখা থেকে এ তথ্য জানা গেছে। বিএমইটির কর্মকর্তারা জানান, মন্দার কারণে ২০০৯ সালে মোট ৭২ হাজার ২১০ জন কর্মী বিদেশ থেকে ফেরত এসেছিলেন। সেই তুলনায় এ বছর ফেরত আসা কর্মীর সংখ্যা কমেছে। সামনে এই সংখ্যা আরও কমবে বলে আশা করা হচ্ছে।বিএমইটির মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘২০০৯ সালে ৭২ হাজার কর্মী বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফেরত এসেছিলেন। সেই তুলনায় এ বছর কর্মীর ফেরত আসা কমেছে। মূলত মন্দাপরিস্থিতি কেটে যাওয়ায় ফেরত আসার সংখ্যা কমেছে। ভবিষ্যতে তা আরও কমে আসবে বলে আশা করা যায়।’সৌদি আরব থেকে এ বছরের নয় মাসে ১১ হাজার ৮৯৩ জন কর্মী দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন। এদের মধ্যে মাত্র আটজন পাসপোর্ট নিয়ে দেশে ফেরত আসতে পেরেছেন। বাকি সবাই আউটপাস নিয়ে ফেরত এসেছেন। এর মধ্যে জানুয়ারি মাসে এক হাজার ৪২৫ জন, ফেব্রুয়ারিতে ৯২৪, মার্চে এক হাজার ৬৬১, এপ্রিলে এক হাজার ৮৮৪, মে মাসে এক হাজার ৩০৪, জুন মাসে এক হাজার ৬৩৫, জুলাই মাসে এক হাজার ২৫২, আগস্টে এক হাজার ১০২ ও সেপ্টেম্বরে ৭০৬ জন কর্মী দেশে ফেরত এসেছেন।মালয়েশিয়া থেকে গত নয় মাসে ফেরত এসেছেন আট হাজার ৩১৮ জন কর্মী। এর মধ্যে জানুয়ারি মাসে ৯৭৭ জন, ফেব্রুয়ারিতে ৮৮৬, মার্চে এক হাজার ১১৭, এপ্রিলে ৯৯১, মে মাসে ৯৩৫, জুন মাসে ৯২৬, জুলাই মাসে ৯৩৩, আগস্টে ৮৩৩ ও সেপ্টেম্বরে ৬৮০ জন কর্মী দেশে ফেরত এসেছেন।সৌদি আরব ও মালয়েশিয়া ছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে গত নয় মাসে পাঁচ হাজার ৮৩৬ জন, ওমান থেকে চার হাজার ৯২৬ এবং কুয়েত থেকে ৪৮৬ জন কর্মী দেশে ফেরত এসেছেন। বাকি চার হাজার ১৩৬ জন ফেরত এসেছেন বিশ্বের অন্যান্য দেশ থেকে।