বিদেশ থেকে সেনাপতি এনে পতন ঠেকানো যাবে না: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদেশ থেকে নতুন সেনাপতি এনে সরকারের পতন ঠেকানো যাবে না।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় ফখরুল এ মন্তব্য করেন। নাগরিক অধিকার রক্ষা কমিটি নামের একটি সংগঠন ‘আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের অন্যায় রিমান্ড ও নাগরিক অধিকার’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে।

গত ১৬ জুলাই প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে সজীব ওয়াজেদ জয় দেশে আসেন। এবার তাঁকে বিভিন্ন রাজনৈতিক সমাবেশে বক্তব্য দিতে দেখা যাচ্ছে।

জয় দেশে আসার আগে গত জুন ও জুলাইয়ে অনুষ্ঠিত পাঁচ সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের পরাজয় হয়।

পাঁচ সিটিতে সরকার-সমর্থিত প্রার্থীদের পরাজয়ের বিষয়টি উল্লেখ করে ফখরুল বলেন, ‘এখন ভরাডুবি ঠেকাতে তারা বিদেশ থেকে নতুন সেনাপতি নিয়ে এসেছে। সরকারের যে পতন শুরু হয়েছে, তা নতুন সেনাপতি দিয়ে ঠেকাতে পারবে না। তাদের পরাজয় নিশ্চিত। কারণ নতুন সেনাপতির সঙ্গে দেশের মাটি ও মানুষের সম্পর্ক নেই।’

দেশ এখন কঠিন সময় পার করছে মন্তব্য করে ফখরুল নেতা-কর্মীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান।

নাগরিক অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক ফরহাদ মজহারের সভাপতিত্বে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের আহ্বায়ক রুহুল আমীন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, চলচ্চিত্রনির্মতা চাষী নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

জাতীয় প্রেসক্লাবে আরেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে রাজনীতিতে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তবে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে দেওয়া জয়ের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তারেক ও জয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলে তারেকই জয়ী হবেন। কারণ তারেক রহমান রাজনীতিতে অনেক এগিয়ে।

জামায়াতের নিবন্ধন অবৈধ করে দেওয়া রায় প্রসঙ্গে মওদুদ বলেন, এ রায়ে ১৮-দলীয় জোটের ওপর কোনো প্রভাব পড়বে না।

নির্বাচন কমিশনেরও কঠোর সমালোচনা করেন বিএনপির এই নেতা। সাংবিধানিক এই প্রতিষ্ঠানটিকে ‘সরকারের তল্পিবাহক’ আখ্যা দিয়ে তিনি বর্তমান কমিশন অবলুপ্ত করে, সব দলের সঙ্গে আলোচনা করে নতুন কমিশন গঠনেরও দাবি জানান।

তারেক রহমানকে নিয়ে জয়ের বক্তব্যের প্রতিবাদে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট নামের একটি সংগঠন ওই আলোচনা সভার আয়োজন করে।