বিদেশ থেকে সেনাপতি এনে পতন ঠেকানো যাবে না: ফখরুল
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের প্রতি ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদেশ থেকে নতুন সেনাপতি এনে সরকারের পতন ঠেকানো যাবে না।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ মন্তব্য করেন। নাগরিক অধিকার রক্ষা কমিটি নামের একটি সংগঠন ‘আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের অন্যায় রিমান্ড ও নাগরিক অধিকার’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।পাঁচ সিটি করপোরেশনে সরকার-সমর্থিত প্রার্থীদের পরাজয়ের কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এখন ভরাডুবি ঠেকাতে তারা বিদেশ থেকে নতুন সেনাপতি নিয়ে এসেছে। সরকারের যে পতন শুরু হয়েছে, তা নতুন সেনাপতি দিয়ে ঠেকাতে পারবে না। কারণ, নতুন সেনাপতির সঙ্গে দেশের মাটি ও মানুষের সম্পর্ক নেই।নাগরিক অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক ফরহাদ মজহারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন কমিটির যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন গাজী, সদস্যসচিব শওকত মাহমুদ, চলচ্চিত্র নির্মতা চাষী নজরুল ইসলাম প্রমুখ।জয়কে স্বাগত মওদুদের: জাতীয় প্রেসক্লাবে আরেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে রাজনীতিতে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তবে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে দেওয়া জয়ের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তারেক ও জয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলে তারেকই জয়ী হবেন। কারণ, তারেক রহমান রাজনীতিতে অনেক এগিয়ে।তারেক রহমানকে নিয়ে জয়ের বক্তব্যের প্রতিবাদে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট নামের একটি সংগঠন ওই আলোচনা সভার আয়োজন করে।