বিদেশফেরতদের সমাজে পুনঃঅন্তর্ভুক্ত করতে হবে
বিদেশফেরত অভিবাসীরা যাতে সামাজিক ও আর্থিকভাবে সমাজে পুনঃঅন্তর্ভুক্ত হতে পারেন সেই ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে।
কথাগুলো ওঠে আসে আজ বৃহস্পতিবার মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে এক যৌথ মতবিনিময় সভায়।
বিদেশফেরতদের সমাজে পুনঃ অন্তর্ভুক্তকরণ নিয়ে এ সভার আয়োজন করে ব্র্যাকের অভিবাসন কর্মসূচি ও ইউএন উইমেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হজরত আলী বলেন, বিদেশফেরত অভিবাসীদের বিষয়ে মানসিক ও সামাজিক পুনঃঅন্তর্ভুক্তকরণ সবচেয়ে বেশি প্রয়োজন।
ইউএন উইমেনের এ দেশীয় প্রতিনিধি ক্রিস্টিন হান্টার বলেন, কেউ যাতে বিপদগ্রস্ত না হন, সে জন্যই নারী-পুরুষ সবার নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হবে।
মতবিনিময় সভায় ব্র্যাকের সহযোগিতায় বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন বিদেশ ফেরত চার নারী।
ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি ও অভিবাসন কর্মসূচির পরিচালক শীপা হাফিজার সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক শফিকুল ইসলামসহ কয়েকজন।
সভায় বিদেশফেরত অভিবাসীদের সমাজে পুনঃঅন্তর্ভুক্তকরণ বিষয়ক প্রকল্পের কথা তুলে ধরা হয় এবং একটি প্রামাণ্য নাটকও দেখানো হয়।