বিদেশগামী শিক্ষার্থীদের টিকার নিবন্ধনের জন্য আরও ১০ দিন
ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে বিদেশগামী শিক্ষার্থীদের করোনার টিকার নিবন্ধনের জন্য আবেদনের সময় নতুন করে বাড়ানো হয়েছে।
নতুন সময় অনুযায়ী আজ ১৭ আগস্ট থেকে শুরু হয়ে ২৬ আগস্ট পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করা যাবে।
গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র [পাসপোর্ট, ভিসা (প্রযোজ্য ক্ষেত্রে), বৈদেশিক শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কনফার্মেশন ডকুমেন্ট/ছাত্রত্ব প্রমাণের সনদ/স্টুডেন্ট আইডি] স্ক্যান করে একটি PDF/ZIP ফরম্যাটে, [email protected] ই–মেইলে পাঠাতে হবে।
এ ছাড়া আবেদন ই–মেইল পাঠানোর পাশাপাশি বাধ্যতামূলকভাবে https://forms.gle/KPa33LddmSKFPezd7 এই অ্যাড্রেসে গিয়ে গুগল ফরম পূরণের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে বলা হয়েছে।
বিদেশগামী শিক্ষার্থীদের করোনার টিকা গ্রহণের নিবন্ধনের আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১৩ জুলাই থেকে গ্রহণ শুরু করে। শুরুতে আবেদন গ্রহণের সময়সীমা ২৭ জুলাই পর্যন্ত বেঁধে দেওয়া হয়। শিক্ষার্থীদের সুবিধার্থে পরে এই সময় ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। এ সময় পর্যন্ত ২৩ হাজার ৬৬৫ জন শিক্ষার্থী পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। এখন নতুন করে আবেদনের সময় বাড়ানো হলো।