বিদেশগামী শ্রমিকদের জন্য কম্পিউটার ম্যাগনেটিক চিপ কার্ড বা স্মার্ট কার্ড চালু থাকবে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কর্মকর্তারা জানিয়েছেন, রোববার থেকে স্মার্ট কার্ডেই শ্রমিকদের বিদেশে পাঠানো হবে। তবে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন (বায়রা) যেসব দাবি জানিয়েছে, সরকারকে সেগুলো জানানো হবে। বিদেশগামী শ্রমিকদের সব তথ্য একটি কার্ডে সংরক্ষিত রাখার জন্য বিএমইটি সম্প্রতি স্মার্ট কার্ড চালু করে। তবে বায়রার নেতাদের অভিযোগ, এর ফলে শ্রমিকদের ভোগান্তি বাড়ছে। আঙুলের ছাপ দিতে এসে অনেক কর্মীকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। এই কার্ড প্রবর্তন করার ফলে বিদেশগামী শ্রমিকের সংখ্যাও কমে যাচ্ছে বলে দাবি বায়রার। এসব সমস্যা নিয়ে আলোচনা করতে বায়রার একটি প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার বিএমইটির মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরীর সঙ্গে দেখা করে। তারা তিন মাসের জন্য স্মার্ট কার্ড এবং আগের পদ্ধতি দুটোই চালু রাখার দাবি জানায়। বিএমইটির মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী প্রথম আলোকে জানান, বায়রার নেতারা দেখা করে তাঁদের দাবি জানিয়েছেন। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। তবে রোববার থেকে স্মার্ট কার্ডই চালু থাকবে। বায়রার সভাপতি গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, এই কার্ড চালু হোক সেটি তাঁরাও চান। কিন্তু এর ফলে শ্রমিকদের সুবিধার বদলে ভোগান্তি বাড়ছে। এই কার্ড করার জন্য সবাইকে ঢাকায় ছুটতে হচ্ছে। অনেকেই বিষয়টি সম্পর্কে জানে না। তাই সরকারকে সুনির্দিষ্ট কিছু দাবি জানানো হয়েছে।