নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪২২ উদ্যাপিত হলো ভারতের নয়াদিল্লি, কলকাতা এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। বাঙালি জাতির চিরন্তন ঐতিহ্য ফুটিয়ে তোলা হলো বিদেশবিভুঁইয়েও। নয়াদিল্লি, কলকাতা ও নিউইয়র্ক প্রতিনিধির পাঠানো খবর:
নয়াদিল্লি: বিশিষ্ট সংগীতশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে ১০টি লালন-গানের ডালি দিয়ে নয়াদিল্লিতে উদ্যাপিত হয় বাংলা নববর্ষ। গত মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে ফরিদা পারভীনই ছিলেন মূল আকর্ষণ। ভারতসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও সংস্কৃতিমনস্ক মানুষের ভিড়ে ঠাসা মৈত্রী আঙিনা অনুরণিত হয় ফরিদা পারভীনের কণ্ঠে।
শুরুটা করেন ‘এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা’ দিয়ে। তারপর একে একে ‘ও হে দয়াবান’, ‘বাড়ির কাছে আরশীনগর’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘লালন কয় জাতের কী রূপ’ হয়ে শেষ করেন ‘সময় গেলে সাধন হবে না’ দিয়ে।
বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী অতিথিদের সঙ্গে শিল্পীদের পরিচয় করিয়ে দেন। রচনা প্রতিযোগিতা শেষে ছিল বৈশাখী নৈশভোজ।
কলকাতা: কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে গতকাল বুধবার উদ্যাপিত হয়েছে বাংলা নববর্ষ। যদিও বাংলাদেশের রীতি মেনে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনে নববর্ষ পালিত হয়েছে গত মঙ্গলবারই।
মঙ্গলবার বিকেলে উপহাইকমিশন চত্বরে আয়োজন করা হয় নববর্ষ উৎসব। উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশের ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। স্বাগত ভাষণ দেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ। উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে পিঠাপুলি, মুড়ি-মুড়কি, বাংলাদেশের মিষ্টিসহ নানা বাঙালি খাবার দিয়ে আপ্যায়ন করানো হয় কলকাতাবাসীকে। বিকেল থেকে রাত অবধি চলে পুতুলনাচসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে গোটা পশ্চিমবঙ্গে গতকাল ঘটা করে উদ্যাপিত হয় বাংলা নববর্ষ।
নিউইয়র্ক: একতারা, কুলা, বেলুন, ফেস্টুন, গ্রামবাংলার চিত্র, নকশিকাঁথা এবং রংবেরঙের ফুল দিয়ে সাজানো হয় নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু অডিটোরিয়াম। সেখানে কবিগুরুর বাণী ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ ধারণ করে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়। যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যের বাঙালিরাও জড়ো হন মিশনের এ মনোরম আয়োজনে।
এ ছাড়া নিউইয়র্কে অন্তত পাঁচটি পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণে মেতে ওঠেন প্রবাসীরা।