বিদেশি আমলার বয়ানে অবিভক্ত বাংলার সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টিফেন হ্যাচ বার্নওয়েলের কর্মজীবনের পুরোটাই কেটেছে অবিভক্ত বাংলায়। সরকারি কর্মকর্তা হিসেবে ৩৩ বছর চাকরি করেছেন তৎকালীন ব্রিটিশ ভারত ও পাকিস্তান সরকারের অধীনে। খুব কাছে থেকেই দেখেছেন পাক-ভারত বিভক্তি আর এ অঞ্চলের রাজনৈতিক মেরুকরণ।গতকাল শুক্রবার ঢাকা ক্লাবে মোড়ক উন্মোচন করা হলো ব্রিটিশ নাগরিক বার্নওয়েলের ৩৩ বছরের চাকরিজীবন নিয়ে লেখা বই দ্য লাস্ট গার্ডিয়ান-এর। ক্লাবের শতবর্ষ পূর্তি উদ্যাপনের অংশ হিসেবে বইটি প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)।সাবেক মন্ত্রী মিজানুর রহমান শেলীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচন করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স।ব্রিটিশ হাইকমিশনার বলেন, বার্নওয়েল চাকরিজীবনের পুরোটাই বাংলায় কাটিয়েছিলেন। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া প্রশাসনের কাজ। সে কাজটাই দক্ষতার সঙ্গে করেছিলেন বার্নওয়েল। এখানকার মানুষের প্রতি তাঁর বিশেষ অঙ্গীকার ছিল।প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেন, বার্নওয়েলের সময় এই অঞ্চলে নানা রাজনৈতিক আন্দোলন ও সংগ্রাম হয়েছে। কিন্তু তিনি প্রশাসনিক উৎকর্ষের দিকেই মনোযোগী ছিলেন। তিনি বাংলাদেশের দিনাজপুর, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লাসহ নানা জায়গায় সরকারি দায়িত্ব পালন করেছেন। প্রতিটি স্থানের মানুষই তাঁকে ভালো সংগঠক ও প্রশাসক হিসেবে বিবেচনা করতেন।ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, দ্য লাস্ট গার্ডিয়ান গতানুগতিক বিশ্লেষণের জন্য বা ইতিহাস জানার উদ্দেশ্যে দেখা ঠিক হবে না। বইয়ে লেখকের ব্যক্তিগত জীবনে কাছ থেকে দেখা বাংলার কিছু চিত্র তুলে ধরা হয়েছে। বার্নওয়েল ৩৩ বছর ব্রিটিশ ভারত ও পাকিস্তানের প্রশাসনের হয়ে বাংলাদেশে কাজ করেছেন। ভারতীয় উপমহাদেশের বিভাজন ও এ অঞ্চলের সবগুলো মেরুকরণই তাঁর চোখের সামনে ঘটেছে। বার্নওয়েল বাংলাদেশকে বিদেশিদের চোখে দেখেননি।বার্নওয়েলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল সুলতানুজ্জামান খানের। তিনি বলেন, পাকিস্তান আমলে কাপ্তাই বাঁধের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়, তাদের পুনর্বাসনে বার্নওয়েল সোচ্চার ছিলেন। সে সময় তিনি পার্বত্য চট্টগ্রাম সফর করতেন।সাবেক সরকারি কর্মকর্তা সিরাজউদ্দিন বলেন, বার্নওয়েল ব্রিটিশ হলেও সাধারণ মানুষের কাছে বাঙালি মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি যেখানেই চাকরি করতেন, সেই এলাকার মানুষের সঙ্গে মিশতেন, ঘুরে বেড়াতেন।দ্য লাস্ট গার্ডিয়ান বইয়ের মুখবন্ধ লেখেন খালেদ শামস। তিনি বলেন, বার্নওয়েল দক্ষ প্রশাসক হিসেবে এই অঞ্চলে প্রথমবারের মতো সরকারের খাদ্য সংগ্রহ অভিযান এবং তা বিতরণের ব্যবস্থা চালু করেন। এরপর তিনি পাকিস্তান আমলে কৃষিতে আধুনিক প্রযুক্তি সংযোজন করেন। এ ছাড়া সুন্দরবন রক্ষায়ও কাজ করেন। অনুষ্ঠানে ইউপিএলের প্রকাশক মহিউদ্দিন আহমেদও বক্তব্য দেন।