বিদেশি ও সিটি ব্যাংকের ৩ কর্মকর্তা গ্রেপ্তার
ব্যাংকের এটিএম বুথে কার্ড জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে থমাস পিটার নামের এক বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। একই ঘটনায় সিটি ব্যাংকের আরও তিন কর্মকর্তাকে আটক করা হয়েছে।
থমাস পিটার জার্মানির নাগরিক। তাঁর পোল্যান্ডের পাসপোর্ট রয়েছে। আটক হওয়া তিন ব্যাংক কর্মকর্তা হলেন মোরশেদ আলম মাকসুদ, রেজাউল করিম ও রিয়াজ আহমেদ।
ডিবির (উত্তর) উপকমিশনার শেখ নাজমুল আলমের ভাষ্য, রাজধানীর গুলশান থেকে গতকাল রোববার রাতে থমাস পিটারকে আটক করা হয়। পরে সংবাদ ব্রিফিংয়ে এ ব্যাপারে বিস্তারিত জানাবে ডিবি।
রাজধানীর বিভিন্ন এলাকায় বেসরকারি তিনটি ব্যাংকের চারটি এটিএম বুথে স্কিমিং ডিভাইস বসিয়ে গ্রাহকের তথ্য চুরির ঘটনা ঘটেছে। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারি ইস্টার্ন, সিটি ও ইউসিবি ব্যাংকের এটিএমে এই জালিয়াতির ঘটনা ঘটে। এর মধ্যে ইস্টার্ন ব্যাংকের গুলশানের দুটি, ইউসিবির বনানীর একটি ও সিটি ব্যাংকের মিরপুরের কালশী এলাকার এটিএম বুথে বিশেষ যন্ত্র বসিয়ে কার্ড জালিয়াতি করা হয়।