বিদেশি কর্মকর্তাদের হুমকি, জানে না কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআরবি) কর্মরত বিদেশি বিজ্ঞানী ও কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ খতিয়ে দেখতে সরকারি একটি গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে।
এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন খান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিন আগে আইসিডিডিআরবির এইচআর (মানবসম্পদ) বিভাগ থেকে মৌখিকভাবে অভিযোগ করা হয় যে বিদেশিদের হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ খতিয়ে দেখতে আমরা গোয়েন্দা বিভাগকে বলেছি।’
আইসিডিডিআরবির একাধিক বিজ্ঞানী গত রাতে প্রথম আলোকে বলেন, গত কয়েক দিনে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা আইসিডিডিআরবিতে এসেছেন। একাধিক বিজ্ঞানী ও কর্মকর্তার সঙ্গে অভিযোগের বিষয়ে কথা বলেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে আইসিডিডিআরবির যোগাযোগ শাখা থেকে গতকাল রাতে প্রথম আলোকে লিখিতভাবে জানানো হয় যে কোনো ধরনের হুমকি সম্পর্কে তারা কিছু জানে না।
তবে নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ বিজ্ঞানী বলেন, গত বছর জুন থেকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও আর্থিক বিষয় নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে। কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনও করেছেন। বিদেশিদের হুমকির অভিযোগ হয়তো সেই দ্বন্দ্বেরই জের।