বিদেশি কর্মীদের প্রত্যাহারের কথা ভেবেছিল বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংকের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে সাবেক এক কর্মীর মামলা নিয়ে বিগত চারদলীয় জোট সরকারের শেষের দিকে সরকারের সঙ্গে বিশ্বব্যাংকের বেশ টানাপোড়েনের সৃষ্টি হয়েছিল। এ সময় বাংলাদেশে কর্মরত সব বিদেশি কর্মীকে সরিয়ে নেওয়ার কথা ভেবেছিল বিশ্বব্যাংক।যদিও সরকার আইন করে শেষ পর্যন্ত বিশ্বব্যাংক ও এর কর্মীদের দায়মুক্তির ব্যবস্থা করে। আর এ নিয়ে সে সময় বেশ বিতর্কও সৃষ্টি হয়েছিল। ২০০৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন আই ওয়ালিক ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তার সঙ্গে বৈঠক করে বিশ্বব্যাংকের উদ্বেগের কথা বলেন। এরপর এ নিয়ে ১৫ ফেব্রুয়ারি ওয়াশিংটনে একটি তারবার্তা পাঠায় দূতাবাস। গত ৩০ আগস্ট তারবার্তাটি ফাঁস করেছে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস।বাংলাদেশের নাগরিক ইসমত জেরিন খান ঢাকার বিশ্বব্যাংক কার্যালয়ে চাকরি করতেন। কিন্তু তাঁর চাকরি স্থায়ী না করায় ক্রিস্টিন ওয়ালিকসহ বিশ্বব্যাংকের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেন ইসমত জেরিন। দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০০৬ সালে আদালত তাঁদের বিরুদ্ধে সমন জারি করেন এবং ২০ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। আইন অনুযায়ী, আদালতে হাজির না হলে তাঁদের ছয় মাসের কারাদণ্ড বা ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করা হতো।এই অবস্থায় ১২ ফেব্রুয়ারি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন ক্রিস্টিন ওয়ালিক। তিনি জানান, ইসমত জেরিনের সঙ্গে আইনমন্ত্রীর বেশ ভালো যোগাযোগ আছে। এ ছাড়া বিশ্বব্যাংকের মধ্যেও তাঁর কিছু লোকজন আছেন, যাঁরা বিশ্বব্যাংকের পদক্ষেপ সম্পর্কে তাঁকে অবহিত করেন।ক্রিস্টিন ওয়ালিক জানান, বিশ্বব্যাংক ও এর কর্মীদের দায়মুক্তির জন্য বাংলাদেশ সরকার উদ্যোগ নিলেও ইসমত জেরিন তা প্রতিহত করার চেষ্টা করছেন। এ জন্য দায়মুক্তির বিল সংসদে ওঠার আগেই ইসমত তা রোখার ব্যর্থ চেষ্টা করেন বলে সন্দেহ পোষণ করেন ওয়ালিক। এ ছাড়া দায়মুক্তির বিরুদ্ধে জনমত উসকে দিয়েছেন ইসমত।ক্রিস্টিন ওয়ালিক জানান, তিনিসহ ব্যাংকের ওই পাঁচ কর্মীর বিদেশগমন নিয়ে তিনি চিন্তিত। সম্প্রতি ওয়াশিংটনে যাওয়ার পর বাংলাদেশে না ফেরার জন্য তাঁকে বলেছিলেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট প্রফুল সি প্যাটেল।ক্রিস্টিন ওয়ালিক আরও জানান, ওই পাঁচজনের মধ্যে তিনজনকে প্রশিক্ষণের জন্য বিদেশে যাওয়ার কথা আছে। তিনজনই বাংলাদেশি নাগরিক। তাঁদের যদি বিমানবন্দরে আটকে দেওয়া হয়, তাহলে বাংলাদেশে কর্মরত ব্যাংকের সব বিদেশি কর্মীকে প্রত্যাহার করে নেওয়া হতে পারে।তবে এ বিষয়ে ওই মুহূর্তে মার্কিন সরকার যেন হস্তক্ষেপ না করে সে অনুরোধ করেন ওয়ালিক। তাঁর মতে, এতে বিপরীত ফল হতে পারে।