বিদেশি কূটনীতিকদের নিরাপত্তায় প্রয়োজনে আইন সংশোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে বিদেশি কূটনৈতিক মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা জোরদারের জন্য বাংলাদেশের প্রচলিত আইন ও বিধিমালায় ছোটখাটো সংশোধনের প্রয়োজন হলে সরকার তা করার বিষয়টি বিবেচনায় নিচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গতকাল রোববার বিকেলে তাঁর দপ্তরে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।
গুলশানের জঙ্গি হামলার পর বিদেশিদের নিরাপত্তা বাড়ানোর জন্য সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে সভাপতি করে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার টাস্কফোর্সের প্রথম বৈঠকে বিদেশি কূটনীতিক ও কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে কিছু নতুন পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কূটনীতিকদের নিরাপত্তা জোরদারের জন্য বিভিন্ন দূতাবাসকে ‘আর্মার্ড ভেহিকেল’ (বিস্ফোরক নিরোধক বুলেটপ্রুফ গাড়ি) ব্যবহারের অনুমতি দেওয়ার কথা ভাবছে সরকার।
সম্প্রতি যুক্তরাষ্ট্র, জাপান, স্পেনসহ কয়েকটি দেশ তাদের নিরাপত্তা জোরদারের জন্য অস্ত্র ব্যবহারের অনুমতি চেয়ে সরকারকে অনুরোধ জানিয়েছে। আর আর্মার্ড ভেহিকেল ব্যবহারের জন্য অনুমতি চেয়েছে জাপান, ইতালি, কানাডা ও নেদারল্যান্ডস।
বিদেশিদের নিরাপত্তায় সুপারিশকৃত নতুন কোনো পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে কোনো মন্তব্য করতে অপারগতা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে শাহরিয়ার আলম বলেন, ‘বিভিন্ন দূতাবাসের নিরাপত্তা জোরদারের জন্য তাদের কাছে আমরা সুপারিশ চেয়েছিলাম। তারা যেসব সুপারিশ দিয়েছে তা বাংলাদেশের প্রচলিত আইন এবং আইনের বাইরে যে বিধিমালা থাকে তাতে যদি ছোটখাটো সংশোধনের প্রয়োজন হয়, সেগুলো নিয়ে আলাপ-আলোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। মূল কথাটি হলো, তাদের নিরাপত্তা আরেকটু বৃদ্ধি করা।’
বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গি হামলার পর বিদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও বিভিন্ন দেশের কূটনীতিকদের পরিবারের সদস্যদের ঢাকা ছাড়ার বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দু-একটি দেশ স্বেচ্ছায় তাদের কূটনীতিকদের পরিবারকে ঢাকা ছাড়ার অনুমতি দিয়েছে। তবে আমাদের হাতে যে তথ্য-উপাত্ত রয়েছে, তাতে দেখা যায় প্রতিদিন গড়ে প্রায় এক হাজার নাগরিক বিদেশে যান। আর বাংলাদেশে আসেন দেড় থেকে দুই হাজার মানুষ। এই বিষয়টি বিবেচনায় নিয়ে আসা-যাওয়ার ক্ষেত্রে অস্বাভাবিক কোনো প্রবণতা এখনো আমাদের চোখে পড়েনি।’
শাহরিয়ার আলম বলেন, ‘কিছু গণমাধ্যমে যে বলা হচ্ছে বিদেশিরা বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছেন, এই তথ্য একেবারেই সত্যি নয়। ওই ঘটনায় (গুলশানের হামলা) কিছুটা যে প্রভাবিত হয়েছে, এটা তো কেউ অস্বীকার করছি না। তবে আইনশৃঙ্খলার ক্ষেত্রে বর্তমান ধারা যদি অব্যাহত থাকে, তবে খুব শিগগির তা স্বাভাবিক হয়ে আসবে।’