বিদেশি কোম্পানির অংশগ্রহণ নিয়ে দুশ্চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার বিশেষ আইনের অধীনে সমুদ্রবক্ষের পাঁচটি তেল-গ্যাস ব্লক (১০, ১১, ১২, ১৬ ও ২১) ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। তবে এতে বিদেশি কোম্পানির অংশগ্রহণ কতটা হবে, তা নিয়ে দুশ্চিন্তা রয়েছে। কারণ, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ সব ধরনের জ্বালানি পণ্যের দাম কমতে থাকায় তেল-গ্যাস উত্তোলনে নতুন বিনিয়োগ এখন আকর্ষণীয় নয়।
বিদেশি কোম্পানিকে আগ্রহী করতে উৎপাদন অংশীদারত্ব চুক্তিতে (পিএসসি) তেল-গ্যাসের দাম বাড়ানোও সরকারের পক্ষে কঠিন। কারণ, আন্তর্জাতিক বাজারের প্রবণতার বাইরে দাম নির্ধারণ করা হলে তা নিয়ে অনিয়মের অভিযোগ উঠবে। জ্বালানি মন্ত্রণালয়ের গঠিত উচ্চপর্যায়ের কমিটির এক সভায়ও এসব বিষয় এবং এ অবস্থায় করণীয় নিয়ে আলোচনা-পর্যালোচনা হয় বলে কমিটির সূত্র বলেছে।
বিশেষ আইনের অধীনে সমুদ্রের তেল-গ্যাস ব্লক ইজারা দেওয়ার প্রক্রিয়া চালাতে ভারপ্রাপ্ত জ্বালানিসচিব নাজিমউদ্দিন চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের এই কমিটি গত সপ্তাহে গঠন করা হয়। গত মঙ্গলবার পেট্রোবাংলা কার্যালয়ে কমিটির প্রথম সভা হয়। সভাসূত্র বলেছে, তারা মডেল পিএসসি (সংশোধিত) ২০১৫-তে জ্বালানির দাম সম্পর্কে যেসব বিষয় রয়েছে, সেগুলো পর্যালোচনা করেছে।
জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, বিদেশি কোম্পানির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও চেষ্টা চালাতে হবে। হয়তো বিদ্যমান অন্যান্য পিএসসির মতো দামের বিষয়টি নির্ধারণ (ফিক্সড) না করে অন্য কোনো ফর্মুলায় তা পিএসসিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে। এসব বিষয় নিয়েই এখন কাজ করা হচ্ছে।
জ্বালানি বিভাগের সূত্র বলেছে, নরওয়ের কোম্পানি স্ট্যাটঅয়েল কয়েকটি ব্লকে কাজ করার আগ্রহ জানিয়ে বেশ কিছুদিন আগে একটি চিঠি দিয়েছিল। তাতে দামের ব্যাপারে তারা দুটি বিকল্প বলেছিল। এক. বাণিজ্যিক ভিত্তিতে গ্যাস তোলা শুরুর সময় আন্তর্জাতিক বাজারে যে দাম থাকবে, সেই দাম নির্ধারণ করা। দুই. বাণিজ্যিক ভিত্তিতে উত্তোলন শুরুর পর প্রতিবছর নির্দিষ্ট পরিমাণ দাম বাড়ানো।
সূত্র বলেছে, ওই প্রস্তাবের ভিত্তিতে আলোচনায় আসতে সরকার স্ট্যাটঅয়েলকে চিঠি দেয়। কিন্তু স্ট্যাটঅয়েল সাড়া দিচ্ছিল না। তবে বাংলাদেশ সফরকালে নরওয়ের মন্ত্রী ডিলেক আইহান ও বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত মেরেটে লুনডেমো গত বুধবার বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে স্ট্যাটঅয়েলের বিষয়টি নিয়ে আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটি নতুন করে প্রস্তাব পাঠিয়েছে।
স্ট্যাটঅয়েল যুক্তরাষ্ট্রের কনোকোফিলিপসের সঙ্গে যৌথভাবে সমুদ্রবক্ষের ১২, ১৬ ও ২১ নম্বর ব্লক ইজারা পেয়েছিল। সেখানে তারা কিছু অনুসন্ধানের ভিত্তিতে সরকারকে বলেছিল, ব্লকগুলোতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে। তাই পিএসসিতে তেল-গ্যাসের যে দাম নির্ধারিত আছে, তার চেয়ে বাড়াতে হবে। সরকার রাজি না হওয়ায় কোম্পানি দুটি চলে যায়। তবে স্ট্যাটঅয়েল ওই সময় নতুন করে আলোচনার ভিত্তিতে কাজ করার আগ্রহ জানিয়ে চিঠি দিয়েছিল।
কনোকোফিলিপস এককভাবে ১০ ও ১১ নম্বর ব্লক ইজারা পেয়েছিল। কিন্তু সরকারের আমন্ত্রণ সত্ত্বেও এ দুটি ব্লকের জন্য তারা পিএসসি সই করতে আসেনি। এখন সরকার এই পাঁচটি ব্লকই বিশেষ আইনের অধীনে ইজারা দিতে চাইছে। জ্বালানি মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত এক প্রস্তাবে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। কমিটি সরকারের পক্ষে দেশি-বিদেশি গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে আগ্রহী কোম্পানির কাছ থেকে প্রস্তাব আহ্বান করবে। যেসব প্রস্তাব পাওয়া যাবে, সেগুলো নিয়ে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে আলোচনার মাধ্যমে পিএসসির শর্ত নির্ধারণ করে ইজারা দেওয়া হবে।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম প্রথম আলোকে বলেন, সমুদ্রবক্ষে অনুসন্ধানের ক্ষেত্রে ভারত ও মিয়ানমারের তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে। এখন বাংলাদেশের দ্রুত কিছু করা উচিত। সে দিক দিয়ে বিশেষ আইনের অধীনে যাওয়া খারাপ নয়। তবে যেনতেন কোম্পানি যাতে ঢুকে না পড়ে আর দামসহ পিএসসির শর্তাদি যাতে জাতীয় স্বার্থের অনুকূল হয়, তা বিশেষ গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
মন্ত্রণালয়ের সূত্র বলেছে, প্রচলিত পদ্ধতিতে এসব ক্ষেত্র ইজারা দিতে গেলে সময় বেশি লাগবে। তাই বিশেষ আইনের অধীনে ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
২০১০ সালে সরকার বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ নিশ্চিত করতে সংসদে তিন বছরের জন্য বিশেষ আইন পাস করে। ২০১৩ সালে সংশোধনীর মাধ্যমে এর মেয়াদ বাড়ানো হয়।