‘সরকার জনগণের স্বার্থকে প্রাধান্য না দিয়ে বিদেশি কোম্পানি ও আন্তর্জাতিক লবিস্টদের স্বার্থ রক্ষায় কাজ করছে। অথচ জনগণের স্বার্থ ও জাতীয় অর্থনীতি বিকাশের ব্যাপারে যদি সরকার আন্তরিকভাবে কাজ করত তাহলে কম খরচে এবং কম ক্ষতিতে আমাদের জাতীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হতো।’
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত ‘সমুদ্রসম্পদ, বড়পুকুরিয়া ও সুন্দরবন: জনগণের স্বার্থ’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ। গতকাল শনিবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের প্রগতি সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা নির্ধারণে আন্তর্জাতিক আদালতের রায়, বড়পুকুরিয়ায় উন্মুক্ত কয়লাখনি ও সুন্দরবনের রামপালে কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বিষয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেন বক্তারা।
সমুদ্রসীমার রায় সম্পর্কে আনু মুহাম্মদ বলেন, ‘ভারতের সঙ্গে বিগত কিছু দ্বিপক্ষীয় আলোচনার অভিজ্ঞতা থেকে বলা যায়, আন্তর্জাতিক আদালতে না গিয়ে দ্বিপক্ষীয় আলোচনায় বসলে বর্তমানে যেটুকু সমুদ্রসীমা আমরা পেয়েছি, সেটুকুও পাওয়া যেত না।’
বড়পুকুরিয়া ও ফুলবাড়িয়া সম্পর্কে প্রধানমন্ত্রীর বিভিন্ন সময় বিভিন্ন কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর অঙ্গীকার এবং সরকারের কাজে আকাশ-পাতাল পার্থক্য।’
কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মো. শহীদুল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রকৌশলী কল্লোল মোস্তফা, প্রকৌশলী বিডি রহমতুল্লাহ, অধ্যাপক রমজুল হক, অধ্যাপক আবুল বাশার, তানজীম উদ্দিন খান, রুহিন হোসেনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সমুদ্রসীমার রায়ের পর কেউ কেউ বিজয়োল্লাস করতে আবার কেউ কেউ অনেকটুকু সীমা হারিয়ে ফেলার জন্য আফসোস করতে ব্যস্ত। কিন্তু যেটুকু সীমা আমরা পেয়েছি এবং সেটুকুতে যে পরিমাণ সম্পদ আছে তা উত্তোলন ও রক্ষণাবেক্ষণ নিয়ে তাদের কোনো চিন্তাভাবনাই নেই।
সভা শেষে কমিটির পক্ষ থেকে দেশের সম্পদ রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলে আগামী দুই মাসের জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়।