বিদেশি কোম্পানির ওপর নির্ভরতা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে গ্যাস উত্তোলন ও সরবরাহে সরকারি কোম্পানিগুলোর তুলনায় বিদেশি কোম্পানিগুলোর অংশ বেড়েই চলেছে। বর্তমানে প্রতিদিনের উত্তোলন ও সরবরাহের প্রায় ৫৪ শতাংশ করছে বিদেশি কোম্পানি। হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির ফলে আগামী জানুয়ারিতে তা প্রায় ৫৭ শতাংশে উন্নীত হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং পেট্রোবাংলার সূত্র বলছে, শুধু যে গ্যাস উত্তোলন ও সরবরাহে বিদেশি কোম্পানির অংশ বেড়ে চলেছে, তা নয়। সরকারি কোম্পানিগুলোর তুলনায় অর্ধেক কূপ দিয়ে তারা ওই গ্যাস উত্তোলন করছে। ফলে তাদের উত্তোলন ব্যয় কম পড়ছে। এসব কারণে সরকারি ও বিদেশি কোম্পানির মধ্যে ভারসাম্যহীনতা সৃষ্টি হচ্ছে। আর বিদেশি কোম্পানির ওপর সরকারের নির্ভরতাও বাড়ছে।
পেট্রোবাংলার উৎপাদন ও বিপণন বিভাগের সূত্র সাম্প্রতিক একটি দিনের হিসাব উল্লেখ করে বলে, ওই দিন দেশে মোট গ্যাস উত্তোলন ও সরবরাহ করা হয়েছে ২৪০ কোটি ঘনফুট। ২০টি গ্যাসক্ষেত্রের মোট ৮৯টি কূপ থেকে এই গ্যাস উত্তোলন ও সরবরাহ করা হয়।
এর মধ্যে বিদেশি কোম্পানি শেভরন ও টাল্লো চারটি ক্ষেত্রের ৩০টি কূপ থেকে উত্তোলন ও সরবরাহ করেছে প্রায় ১৩২ কোটি ঘনফুট। আর তিনটি সরকারি কোম্পানি ১৬টি ক্ষেত্রের ৬০টি কূপ থেকে উত্তোলন ও সরবরাহ করেছে ১০৮ কোটি ঘনফুট গ্যাস। সরকারি কোম্পানিগুলো নতুন নতুন কূপ খনন করলেও কূপের গ্যাস উত্তোলনের পরিমাণ সে তুলনায় বাড়ছে না।
জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার জ্বালানিবিষয়ক বিশেষ উপদেষ্টা, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ম তামিম প্রথম আলোকে বলেন, বিদেশি কোম্পানিগুলোর ব্যবহৃত প্রযুক্তি ও ব্যবস্থাপনা পদ্ধতি অনেক উন্নত। তাই অনেক কম কূপে বেশি গ্যাস উত্তোলন করা সম্ভব হচ্ছে।
ম তামিম বলেন, তবে সমস্যা হলো এখানে বিদেশি কোম্পানিগুলো যে পরিমাণ গ্যাস সরবরাহ করছে তার ৮০ শতাংশ উত্তোলন করছে একটি ক্ষেত্র বিবিয়ানা থেকে। দেশে এখন ২৪০ কোটি ঘনফুটের মতো সরবরাহ হচ্ছে। এর মধ্যে ১০০ কোটিরও বেশি আসছে বিবিয়ানা থেকে। এভাবে একটি ক্ষেত্র বা উৎসের ওপর অত্যধিক নির্ভরশীলতার বিপদ আছে। যদি কোনো কারণে ওই ক্ষেত্রটিতে উৎপাদন ব্যাহত হয়, তাহলে পুরো সরবরাহের ব্যবস্থাই স্থবির হয়ে পড়বে। কয়েক মাস আগে ওই ক্ষেত্রটিতেই কারিগরি সমস্যা দেখা দেওয়ায় এ রকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।
ম তামিম বলেন, তা ছাড়া একটি ক্ষেত্র থেকে কতটা গ্যাস তোলা ক্ষেত্রটির জন্য নিরাপদ তাও বিবেচনার বিষয়। সে বিবেচনা সরকারকেই করতে হবে। সরকার না চাইলে কোনো বিদেশি কোম্পানি কোনো ক্ষেত্র থেকেই গ্যাস উত্তোলন বাড়াতে পারে না।
সরকারি কোম্পানির কূপগুলোতে উৎপাদন কম হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, তাদের অধিকাংশ কূপ অনেক পুরোনো। দীর্ঘদিন ধরে গ্যাস তোলার ফলে ক্ষেত্রগুলোতে গ্যাসের চাপও (রিজার্ভার প্রেসার) কমে গেছে। এ কারণে গ্যাস স্তরের নিচে ও ওপরে পানির চাপ বেড়ে যাওয়ায় গ্যাসের উত্তোলন কমছে।
এ ছাড়া ষাটের দশক থেকে সরকারি কোম্পানিগুলোর গ্যাস কূপে যে রকম ছোট টিউব ব্যবহার করা হতো, এখন নতুন কূপগুলোতেও তা-ই করা হচ্ছে। এর কারণ, কোনো কূপের টিউব বা কোনো যন্ত্রাংশ বদলানো দরকার হলে সহজেই তা হাতের কাছে পাওয়া যায়। এক কোম্পানির গুদামে কোনো একটি যন্ত্রাংশ না থাকলেও অন্য কোম্পানির গুদাম থেকে নিয়ে কাজ চালানো যায়।
তবে মন্ত্রণালয় ও পেট্রোবাংলার নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো বলছে, এই ধারা চলতে থাকলে গ্যাসের দৈনন্দিন উত্তোলন ও সরবরাহের ক্ষেত্রে সরকারি ও বিদেশি কোম্পানির মধ্যে ভারসাম্য নষ্ট হবে। বিদেশি কোম্পানির ওপর সরকারের নির্ভরশীলতা আরও বাড়তে থাকবে। এটা জেনে-বুঝেও এ সমস্যা মোকাবিলায় সরকারি কোম্পানিগুলোর গ্যাস উত্তোলন ও সরবরাহ বাড়ানোর উদ্যোগ সরকারের নেই।
অবশ্য সরকারি ও বিদেশি কোম্পানির মধ্যে যে এমন একটি ভারসাম্যহীনতা সৃষ্টি হতে যাচ্ছে, সরকার তা আগেই জানত। এ কারণে সরকারি কোম্পানিগুলোর বিদ্যমান কূপ থেকে গ্যাস উত্তোলন বাড়ানো সম্ভব কি না, সে বিষয়ে একটি সমীক্ষা চালানো হয়। ২০১১ সালে ফরাসি বিশেষজ্ঞ প্রতিষ্ঠান স্ল্যামবার্জার সরকারের পক্ষে এই সমীক্ষা চালায়।
সেই সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছিল, কূপ ও গ্যাস প্রসেসিং ব্যবস্থায় কিছু সংস্কার ও পরিবর্তন এনে তিন বছরের মধ্যে প্রায় ৫০ কোটি (৫০০ মিলিয়ন) ঘনফুট গ্যাসের উত্তোলন বাড়ানো সম্ভব। কিন্তু সরকার সে পথে যায়নি।
এ সম্পর্কে মন্ত্রণালয় সূত্র বলছে, এ ব্যাপারে সরকারের যুক্তি ছিল, ওই সুপারিশ বাস্তবায়ন করতে হলে সংস্কারকাজের পুরো সময়ে একটি বা একাধিক কূপে উৎপাদন বন্ধ রাখতে হতো। তাতে দৈনন্দিন সরবরাহ কিছুটা কম হতো। এমনিতেই ওই সময় চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ প্রায় ৫০ কোটি ঘনফুট কম ছিল। সেই অবস্থায় কোনো কোনো কূপে উৎপাদন বন্ধ রেখে সংস্কারের কাজ করার সিদ্ধান্ত সরকার নেয়নি।