বিদেশি কোম্পানির সুবিধা বাড়িয়ে পিএসসি অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানির (আইওসি) সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য উৎপাদন অংশীদারত্ব চুক্তি (পিএসসি), ২০১২-এর সংশোধনী অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির এক সভায় এই অনুমোদন দেওয়া হয়।
আইওসিগুলোর কাছ থেকে গভীর সমুদ্রের গ্যাস কেনার জন্য প্রতি ইউনিটের (এক হাজার ঘনফুট) দাম ছিল সাড়ে পাঁচ মার্কিন ডলার। অর্থমন্ত্রী জানান, সংশোধন করে এই দাম সাড়ে ছয় ডলার করা হয়েছে। এ ছাড়া প্রতিবছর গ্যাসের দাম ২ শতাংশ করে বৃদ্ধির বিধান সংযোজন করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।
সরকারি সূত্রগুলো জানায়, পার্শ্ববর্তী দেশ মিয়ানমার ও ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে পিএসসিতে গ্যাসের দাম, আইওসিগুলোর করের সুবিধা বাড়ানোসহ ওই সংশোধনী আনা হয়েছে। আইওসিগুলোকে অনুসন্ধানে অংশ নিতে আকৃষ্ট করাই এর লক্ষ্য।
মডেল পিএসসিতে ৩৭ শতাংশ করপোরেট কর আইওসিগুলোকেই পরিশোধ করার বিধান ছিল। সংশোধনীতে ওই বিধান তুলে দেওয়া হয়েছে। পেট্রোবাংলা ওই কর পরিশোধ করবে।
সংশোধনীতে আইওসিগুলোকে তাঁদের অংশের গ্যাসের অর্ধেক সরাসরি দেশের মধ্যে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করারও সুযোগ দেওয়া হয়েছে। এই অর্ধেক বিক্রির ক্ষেত্রে পেট্রোবাংলার অনাপত্তির (ফার্স্ট রিফিউজাল) বিধান প্রযোজ্য হবে না। তবে অবশিষ্ট অর্ধেকের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে।
মডেল পিএসসিতে বিনিয়োগ তুলে নেওয়ার (কস্ট রিকভারি) সময়ে কোম্পানি উত্তোলিত গ্যাসের সর্বোচ্চ ৫৫ শতাংশ পাবে বলে বিধান রাখা হয়েছিল। সংশোধনীতে তা বাড়িয়ে ৭০ শতাংশ করা হয়েছে। ফলে আইওসিগুলো অপেক্ষাকৃত স্বল্প সময়ে বিনিয়োগ তুলে নিতে পারবে। মডেল পিএসসিতে আইওসিগুলোর মালামাল পরিবহনের ওপর ট্যারিফ ধার্য করার বিধানও তুলে দেওয়া হয়েছে।
দেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানের লক্ষ্যে পেট্রোবাংলা গত বছরের ১৭ ডিসেম্বর ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০১২’ নামে ১২টি ব্লকে পিএসসি করার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। আইওসিগুলো গত ৭ ফেব্রুয়ারি পেট্রোবাংলার সঙ্গে অনুষ্ঠিত এক প্রাক্-দরপত্র সভায় গভীর সমুদ্রে কাজ করার ক্ষেত্রে তাদের সুযোগ-সুবিধার সীমাবদ্ধতার কথা জানায়। গত ২৮ ফেব্রুয়ারি জ্বালানি মন্ত্রণালয় ও পেট্রোবাংলার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী পেট্রোবাংলা পিএসসির সংশোধনী প্রস্তাব তৈরি করে। প্রস্তাবটি জ্বালানি ও আইন মন্ত্রণালয়ের অনুমোদনের পর গতকাল মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য উত্থাপিত হয়।
বর্তমানে শেভরন স্থলভাগের ১২, ১৩ ও ১৪ নম্বর ব্লকে; স্যান্তোস অগভীর সমুদ্রের ১৬ নম্বরে এবং কনোকোফিলিপস গভীর সমুদ্রের ১০ ও ১১ নম্বর ব্লকে পিএসসির অধীনে কাজ করছে। অগভীর সমুদ্রের আরও তিনটি ব্লকের জন্য পিএসসির সই প্রক্রিয়াধীন আছে।
অন্য তিন প্রস্তাব: অর্থমন্ত্রী জানান, বৈঠকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বৃদ্ধি এবং নির্বিঘ্নে বিমান চলাচল ও ওঠানামার জন্য সরকারি-বেসরকারি অংশিদারের (পিপিপি) আওতায় একটি নতুন রাডার স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে।
অনুমোদনের কারণ ব্যাখ্যা করে এবং দেশের বিমানবন্দরকে দ্বিতীয় শ্রেণীর উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘নির্বিঘ্নে বিমান চলাচলে রাডার পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। পরিস্থিতি এমনই যে ২০১৫ সালের পর এমনকি বাংলাদেশে আন্তর্জাতিক রুটের বিমান আসাই বন্ধ হয়ে যাবে। কারণ, আমাদের দেশে রাডার পদ্ধতি নেই। দুটি আছে, খুবই পুরোনো।’
অর্থমন্ত্রী বলেন, সমীক্ষা করে দেখা গেছে, নতুন রাডার পদ্ধতির জন্য ৩০০ কোটি টাকা এবং রক্ষণাবেক্ষণের জন্য ১০ বছর সময় লাগবে। এটিও পিপিপিতে করা হবে। হিথ্রোসহ আরেকটি বিমানবন্দর পিপিপিতে হয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া পিপিপির আওতায় ‘কক্সবাজারে পর্যটন হলিডে কমপ্লেক্সের ট্যুরিজম রিসোর্ট ও বিনোদন পল্লী উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অনুমোদন হয়েছে।
বিদেশি কোম্পানির দেশীয় সহযোগী প্রতিষ্ঠান ঋণখেলাপি হওয়ায় কালিয়াকৈরে হাইটেক পার্ক স্থাপনের প্রস্তাবটি অনুমোদিত হয়নি বলে জানান অর্থমন্ত্রী।
গ্রামীণ ব্যাংক প্রসঙ্গ: গ্রামীণ ব্যাংক নিয়ে গ্রামীণ ব্যাংক কমিশনের প্রতিবেদনবিষয়ক এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, কমিশনের চেয়ারম্যান মামুন-উর-রশিদের সঙ্গে পত্রযোগাযোগ হচ্ছে। তাঁকে একটা তারিখ নির্ধারণ করতে বলা হয়েছে, কবে নাগাদ দিতে পারবেন। অর্থমন্ত্রী বলেন, ‘প্রধান সুপারিশগুলো তো আগেই পাওয়া গেছে। বাকি রয়েছে শুধু গ্রামীণ ব্যাংকের সঙ্গে এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর আইনি সম্পর্ক কী?’
অপর এক প্রশ্নের জবাবে স্থায়ী পে-কমিশন করার প্রক্রিয়া চলছে বলে জানান অর্থমন্ত্রী। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় বিবেচনায় মাঝে মাঝে মহার্ঘ ভাতা দেওয়া হয়।’ তবে, কবে থেকে বা কত হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে বা আদৌ দেওয়া হবে কি না, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি অর্থমন্ত্রী।