বিদেশি গণমাধ্যমে গুলশান হত্যাযজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার রেস্তোরাঁয় গত শুক্রবার রাতের জঙ্গি হামলার ঘটনায় গতকাল সোমবারও সরব ছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত এ-বিষয়ক সংবাদের নির্বাচিত অংশ তুলে ধরা হলো:

আঘাত পেলেও ভেঙে পড়েনি ইতালি: পলিটিকো, যুক্তরাষ্ট্র

ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি এক বক্তৃতায় বলেছেন, ইতালির মানুষ আঘাত পেলেও ভেঙে পড়েনি। ঢাকায় আইএসের হামলার কড়া জবাব দেবে রোম।

আইএসের ক্রমবর্ধমান হুমকিকেই তুলে ধরেছে: জাপান টাইমস

এ হামলা অনেককেই হতবাক করে দিয়েছে। তবে বিশ্লেষকেরা বলছেন, বাংলাদেশ কর্তৃপক্ষ ইসলামি কট্টরপন্থীদের বেড়ে উঠতে দিয়েছে বলেই এই হামলা হয়েছে।

জাপানিরা নিরাপত্তা পর্যালোচনা করছে: দ্য নেশন, থাইল্যান্ড

ঢাকায় বিদেশিদের কাছে জনপ্রিয় ক্যাফেতে হামলায় সাত জাপানি নিহত হওয়ার ঘটনায় দেশটির ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দেশের বাইরে কর্মরত তাদের কর্মীদের নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করতে শুরু করেছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, ‘এ সন্ত্রাসী হামলা ক্ষমার অযোগ্য।’

উগ্রপন্থা নিয়ন্ত্রণে দুই ধরনের কৌশল নিতে হবে: দ্য হিন্দু

ইসলামিক স্টেট (আইএস) এবং আল-কায়েদা বাংলাদেশকে তাদের সন্ত্রাসী কার্যকলাপ বিস্তারের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে বিবেচনা করে। ইসলামি সংগঠনগুলোর সঙ্গে সরকারের উত্তেজনা বাড়ছে। এ সুযোগে চরমপন্থী দলগুলো তাদের কার্যক্রম বিস্তারে এবং এ দেশ থেকে সদস্য সংগ্রহের সুযোগ তৈরি করে নিচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণে সরকারকে স্বল্প ও দীর্ঘমেয়াদি কৌশল নিতে হবে। একেবারে প্রথম পদক্ষেপ হলো নাজুক নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন। আর দীর্ঘমেয়াদি পদক্ষেপ হলো ক্রমশ বাড়তে থাকা উগ্রপন্থা নিয়ন্ত্রণ করা। বর্তমান বাস্তবতায় ক্ষমতাসীন আওয়ামী লীগকে বিরোধী দল এবং মতের সঙ্গে তাদের বর্তমান অবস্থানের পুনর্মূল্যায়ন করতে হবে।

অভিজাত স্কুল থেকে আইএস সদস্য: এনডিটিভি

রেস্তোরাঁয় হামলাকারীদের ছবি দেখে তাদের পরিচিতরা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দুঃখ প্রকাশ করেছেন। দুঃখ প্রকাশ করা হয়েছে এরা স্বাভাবিক জীবন যাপন থেকে কেমন করে ঠান্ডা মাথার খুনি হয়ে উঠেছে তা নিয়ে। গত শুক্রবারের হামলার সঙ্গে বিদেশি কোনো জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা বাংলাদেশ সরকার এবারও অস্বীকার করেছে। তবে শহরের অভিজাত এলাকা গুলশানে এ হামলায় আইএসের যোগসূত্র আছে বলে মনে করা হচ্ছে।