বিদেশি গণমাধ্যমে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় গ্রেপ্তার দুই বাংলাদেশি
মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের কর্মকর্তারা গত বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরের সোলারিস মন্ট কায়ারা এলাকার একটি অভিজাত বিনোদনকেন্দ্রে অভিযান চালিয়ে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছেন। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ৩৭ বিদেশিকে গ্রেপ্তার করা হয়। একটি বিশেষ অনুষ্ঠান চলছিল ওই বিনোদনকেন্দ্রে। এর মধ্যে মধ্যরাতে সেখানে অভিযান চালান অভিবাসন বিভাগের কর্মকর্তারা। অভিযানে তাঁরা অনৈতিক কর্মকাণ্ড হতে দেখেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩১ জন থাইল্যান্ড, পাঁচজন মিয়ানমার ও একজন রাশিয়ার নাগরিক। দ্য রাকায়াত পোস্ট
ডিজেল ও গ্যাসের পাইপলাইন হচ্ছে
বাংলাদেশে ডিজেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহে পাইপলাইন বসাবে ভারত। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে বিশ্বের তৃতীয় বড় জ্বালানি ভোক্তা দেশ ভারত এই পদক্ষেপ নিচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত দীর্ঘ ১৩১ কিলোমিটার পাইপলাইন বসানো হবে বাংলাদেশের উত্তরাঞ্চলে ডিজেল সরবরাহে। এ ছাড়া পশ্চিমবঙ্গের দত্তপুলিয়া থেকে আরেক পাইপলাইনে খুলনায় পাঠানো হবে গ্যাস। ভারতের তেলসচিব কে ডি ত্রিপাঠি গত বৃহস্পতিবার বলেন, হাইড্রোকার্বন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার লক্ষ্যে সম্পাদিত সমঝোতা রূপরেখার (এফওইউ) অংশ এই পাইপলাইন নির্মাণ। এনডিটিভি
তিস্তা নিয়ে সরকার ইতিবাচক: উমা
তিস্তার পানিবণ্টন নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের অবস্থান ইতিবাচক বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় পানিসম্পদ ও নদী উন্নয়নবিষয়ক মন্ত্রী উমা ভারতী। গত শুক্রবার তিনি বলেন, সব বিষয় ভেবেচিন্তে সরকার ঠিক সিদ্ধান্তই গ্রহণ করবে। নিজ দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক বৈঠকে যোগ দেওয়ার আগে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ‘তিস্তা ইস্যুতে আমরা কোনো রাজনীতি দেখতে চাই না। এর সঙ্গে জড়িত সব বিষয় সতর্কতার সঙ্গে পরীক্ষা করে দেখা হচ্ছে।’ তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসন্তোষের বিষয়ে জানতে চাইলে উমা সাংবাদিকদের বলেন, ‘তিনি (মমতা) কোনো ইস্যুতে খুব কমই সন্তুষ্ট হন।’ পিটিআই

চার বছরে ১৫ কূপ খনন গাজপ্রমের
বাংলাদেশে ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত সাতটি গ্যাসক্ষেত্রে পরীক্ষা ও উন্নয়নমূলক ১৫টি কূপ খনন করেছে রাশিয়ার গ্যাস অনুসন্ধান, উত্তোলন, পরিবহন ও বিক্রয় প্রতিষ্ঠান গাজপ্রম। রাশিয়ার মস্কোয় গত শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে গাজপ্রম ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আলেক্সি মিলারের এক কার্যকরী বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে বাংলাদেশে তেল-গ্যাস অনুসন্ধান ও এর উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ভবিষ্যৎ নিয়েও তাঁরা আলোচনা করেন। ভোলায় দুটি অনুসন্ধানমূলক কূপ খননে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলার সঙ্গে গাজপ্রমের চুক্তির আরও বাস্তবায়ন প্রসঙ্গেও আলোচনা হয় বৈঠকে। বিজ্ঞপ্তি