বিদেশি গণমাধ্যমে বাংলাদেশ
মার্কিন নির্বাচনে বাংলাদেশি প্রার্থী
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে কংগ্রেসের ষষ্ঠ নির্বাচনী এলাকার ভোট আজ মঙ্গলবার। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক মোহাম্মদ আলী ভূঁইয়া। এই আসনের সাবেক প্রতিনিধি টম প্রাইস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের স্বাস্থ্যমন্ত্রী হওয়ায় বিশেষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮ জন প্রার্থী। এই কংগ্রেসীয় আসনটি বরাবরই রিপাবলিকানদের শক্ত ঘাঁটি। বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ আলী নিজেও একজন রিপাবলিকান প্রার্থী। এই আসনে এবারই প্রথম কোনো মুসলমান প্রার্থী রিপাবলিকান দলের হয়ে লড়ছেন। মোহাম্মদ আলী একজন উদ্যোক্তা। ১৯৮৬ সালে তিনি যুক্তরাষ্ট্রে যান। ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করছেন জর্জিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ে। কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে আজ বিজয়ী নির্বাচিত করা হবে না। সে ক্ষেত্রে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী আগামী ২০ জানুয়ারি শেষ ধাপের লড়াইয়ে নামবেন। আমেরিকান বাজার অনলাইন
সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি আহত
মালয়েশিয়ার কুচিং শহরে গত রোববার সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবকসহ দুজন আহত হয়েছেন। বাংলাদেশি যুবকের বয়স ১৯ বছর। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। সঙ্গে ছিলেন ২১ বছরের এক নারী। পেছন থেকে একটি গাড়ি তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। বাংলাদেশি যুবকের মাথায় গুরুতর আঘাত লেগেছে। সঙ্গে থাকা নারীর আঘাত কোমরে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের সারাওয়াক জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পলাতক গাড়ির খোঁজে নেমেছেন তদন্তকারীরা। বোর্নিও পোস্ট