বিদেশি গণমাধ্যমে সিলেটে জঙ্গিবিরোধী অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গিবিরোধী অভিযান এবং সেখানে বিস্ফোরণে পুলিশ ও বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা গতকাল রোববার বিশ্ব গণমাধ্যমে উঠে এসেছে। এতে অভিযানের বর্ণনা এবং হতাহতের ঘটনার পাশাপাশি বাংলাদেশে গত কয়েক বছর ধরে চলা ধারাবাহিক জঙ্গি হামলার বিষয়টিও তুলে ধরা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করে। যখন তারা ধারণা করতে লাগল জঙ্গি কার্যক্রম নিয়ন্ত্রণে এসেছে, তখনই সিলেটে এই হামলার ঘটনা ঘটল।
বিবিসি আরও বলেছে, গুলশান হামলার পর নিরাপত্তা বাহিনী অভিযান ও গ্রেপ্তার অব্যাহত রেখেছে। অনেক সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে এসব অভিযানে। তাই হঠাৎ করে তল্লাশিচৌকি ও নিরাপত্তা বাহিনীর কার্যালয়ে হামলার ঘটনা অনেককে হতবাক করেছে। দেশটির নিরাপত্তা বাহিনীর জন্য এখন অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে, আর কত উগ্রবাদী এবং তাদের অনুসারী এখনো গা-ঢাকা দিয়ে আছে, তা খুঁজে বের করা।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট বলছে, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে উগ্রবাদী কার্যক্রম চলছে। সম্প্রতি রাজধানী ঢাকাসহ কয়েক স্থানে হামলা হয়েছে। এই হামলার লক্ষ্য হলো ব্লগার, প্রকাশক, স্বাধীনচেতা লেখক, ভিন্নমতাবলম্বী, বিদেশি নাগরিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন।
ভারতের সংবাদপত্র দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সাল থেকেই বাংলাদেশে অসাম্প্রদায়িক ব্যক্তি, বিদেশি ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে। তবে গত বছর গুলশান হামলার পর থেকেই নিরাপত্তা বাহিনী সাঁড়াশি অভিযান শুরু করেছে।
এনডিটিভির প্রতিবেদনে বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলামের বরাতে বলা হয়, তাঁদের কাছে তথ্য রয়েছে জেএমবির অন্যতম প্রধান মুসা এবং তাঁর কিছু সহযোগী সিলেটে অবস্থান করছে। কিন্তু তারা অভিযান চালানো ওই ভবনে আছে কি না, তা স্পষ্ট নয়।
পাকিস্তানের সংবাদপত্র ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই মাসে রাজধানীর বিমানবন্দরের পাশে পুলিশের তল্লাশিচৌকিসহ বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলা হয়েছে। এরপর ঢাকার বাইরে এই অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সাল থেকে বিভিন্ন উগ্রবাদী হামলার ঘটনায় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করে আসছে। কিন্তু সরকার তা মানতে নারাজ। সরকারের দাবি, দেশীয় জঙ্গি সংগঠন জেএমবি এসব হামলার জন্য দায়ী।