বিদেশি গণমাধ্যমেও হুমায়ূনের মৃত্যুর খবর ফলাও করে প্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুর খবর বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ফ্রান্স, জার্মানিসহ বেশ কয়েকটি দেশের সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইনভিত্তিক বার্তা সংস্থাগুলোতে মৃত্যুর খবরের পাশাপাশি তাঁর বিপুল কর্মযজ্ঞের কথা তুলে ধরা হয়েছে।বিবিসি বাংলা সংস্করণের প্রধান শিরোনামে স্থান পায় হুমায়ূন আহমেদের খবরটি। তাঁর একটি বড় ছবিসহ প্রকাশিত প্রতিবেদনে হুমায়ূন আহমেদের সৃষ্টিশীলতার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।জার্মানির রেডিও ডয়চে ভেলের অনলাইনে প্রকাশিত খবরের শিরোনাম, ‘হুমায়ূন আহমেদের মৃত্যু বাংলাদেশের অপূরণীয় ক্ষতি’। ভারতের আনন্দবাজার পত্রিকা শিরোনাম দিয়েছে, ‘প্রয়াত কথাকার হুমায়ূন আহমেদ’। পত্রিকাটি লিখেছে, ‘তিনি স্মরণীয় হয়ে থাকবেন বেস্টসেলার উপন্যাসের নিপুণ শিল্পী হিসেবে। এ ক্ষেত্রে বাংলাদেশে তাঁর জুড়ি নেই।’ভারতের পশ্চিমবঙ্গের আরেকটি পত্রিকা আজকাল-এর শিরোনাম ছিল, ‘হুমায়ূন আহমেদের জীবনাবসান’। পত্রিকাটি লিখেছে, ‘হুমায়ূন আহমেদের মৃত্যুতে বাংলাদেশের সাহিত্যজগতে একটা যুগের অবসান হলো।’বার্তা সংস্থা পিটিআই লিখেছে, ‘বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ চলে গেলেন।’ পাকিস্তানের ডন পত্রিকা লিখেছে, ‘বিখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব হুমায়ূন আহমেদের মৃত্যুতে কাঁদছে বাংলাদেশ।’মালয়েশিয়ার দ্য স্টার পত্রিকার শিরোনাম ছিল, ‘জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের মৃত্যুতে শোকার্ত বাংলাদেশ।’ পত্রিকাটি লিখেছে, ‘হুমায়ূন আহমেদ কতটা জনপ্রিয় ছিলেন, প্রতিবছর একুশে বইমেলায় তাঁর অটোগ্রাফ নেওয়ার জন্য ভক্তদের দীর্ঘ লাইন দেখলেই বোঝা যায়।’সিএনএনের বাংলা সংস্করণের শিরোনাম, ‘দেশবরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ আর নেই।’ এর খবরে লেখা হয়েছে, ‘সমকালীন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুর খবরে দেশের সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।’