বিদেশি চক্রান্তের ধুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়ান্নর গোপন মার্কিন দলিল
বায়ান্নর গোপন মার্কিন দলিল

মার্কিন জাতীয় মহাফেজখানা থেকে প্রথম আলো সংগ্রহ করেছে বায়ান্নর মার্কিন দলিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অবমুক্ত করা এসব গোপন দলিলের ভিত্তিতে ধারাবাহিক প্রতিবেদনের আজ তৃতীয় কিস্তি
পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক জিয়াউদ্দিন আহমেদ সুলেরি সংক্ষেপে পরিচিত ছিলেন জেড এ সুলেরি হিসেবে। মুসলিম লীগার ও সেনাবাহিনীর প্রতি সহানুভূতিশীল সাংবাদিক হিসেবে তাঁর পরিচিতি ছিল। তিনি কেন্দ্রীয় সরকারকে নিশ্চিত করেছিলেন যে বাঙালিরা উর্দুকে শত্রু ভাবেনি। তারা উর্দুর পরিবর্তে বাংলা ভাষা চায়নি। উর্দুকে তারা দমাতে চায়নি। কোনো উগ্রতা থেকেও নয়। তারা কেবলই বাংলার প্রতি তাদের ভালোবাসা, গভীর অনুরক্তি এবং তাদের প্রদেশের জন্য গর্বিত হতে চেয়েছে।
একুশে ফেব্রুয়ারির ঘটনাকালে সুলেরি ঢাকায় ছিলেন। করাচিতে ফিরে ১৯৫২ সালের ১০ মার্চ তাঁর সম্পাদিত ইভনিং টাইমস-এ একটি নিবন্ধ লেখেন। শিরোনাম ছিল ‘পূর্ব ফ্রন্টে সত্য ও গল্প: ঢাকা সফরের অনুভূতি’। এতে তিনি দেখান যে তৎকালীন মুখ্যমন্ত্রী নূরুল আমীন নিজেকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বাংলা ভাষা আন্দোলনকে ‘বিদেশি চক্রান্ত’ হিসেবে অপবাদ দিয়েছিলেন। সুলেরি মুসলিম লীগ থেকে তাঁকে বহিষ্কারের সুপারিশ করেছিলেন। এই নিবন্ধের বিষয়ে পাকিস্তানের মার্কিন দূতাবাসের পক্ষে ১৯৫২ সালের ১২ মার্চ একটি প্রতিবেদন পাঠিয়েছিলেন দ্বিতীয় সচিব চার্লস ডি. উইদার্স। উইদার্স লিখেছেন, পাকিস্তান অবজারভার বন্ধ করে দেওয়ার পটভূমিতে কাউন্সিল অব পাকিস্তান এডিটরস থেকে জেড এ সুলেরিকে ঢাকায় পাঠানো হয়েছিল। মার্কিন দূতাবাস মনে করে, সুলেরি একজন যোগ্য সাংবাদিক ও পর্যবেক্ষক।

এটা লক্ষণীয় যে জেড এ সুলেরির একটি দৃষ্টিভঙ্গির সঙ্গে মার্কিন দূতাবাসের দৃষ্টিভঙ্গির মিল রয়েছে বলে চার্লস ডি. উইদার্স ওয়াশিংটনকে অবহিত করেছিলেন। আর তা হলো সুলেরির ভাষায়, একুশে ফেব্রুয়ারির পরের পরিস্থিতিকে ‘ধ্বংসকারী শক্তি’ ব্যবহার করতে চেয়েছে। সুলেরি তাঁর নিবন্ধে উল্লেখ করেন যে পুলিশ ছাত্রদের তাদের হলগুলোতে অবরুদ্ধ করে রেখেছিল। তার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে ও যত্রতত্র একই হাতের লেখার পোস্টারের ছড়াছড়ি দেখে তিনি বিস্মিত হন। এমনকি তিনি দাবি করেন যে একই ধরনের পোস্টার ঢাকা থেকে ছয় দিনের ভ্রমণ দূরত্বের সন্দ্বীপেও দেখা গিয়েছিল।
চার্লস ডি. উইদার্সের বর্ণনামতে, সুলেরি লিখেছেন, একুশে ফেব্রুয়ারিতে গুলিবর্ষণের পরে—তার পূর্ববৃত্তান্ত যা-ই হোক না কেন বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার যে দাবি পূর্ববঙ্গে উঠেছে, তা খাঁটি ও ব্যাপকভিত্তিক। সুলেরি গুরুত্বারোপ করেন যে বাংলার প্রতি বাঙালিদের দৃঢ় মনোভাব সত্ত্বেও উর্দু ও উর্দুভাষীদের প্রতি তাদের কোনো বৈরিতা নেই। তারা বাংলাকে একটি অতিরিক্ত রাষ্ট্রভাষা হিসেবে দেখতে চাইছে। বাংলার জন্য তাদের এ গভীর অনুভূতির নেপথ্যে রয়েছে ব্রিটিশ নীতি। তারা অবিভক্ত বাংলায় রাষ্ট্রভাষা হিসেবে ফার্সির পরিবর্তে ইংরেজি চালু করেছিল। প্রকৃত সত্য হচ্ছে, বাংলা প্রকৃতপক্ষে মুসলিম মেধাবী চিন্তাবিদদের ফসল। বাংলার মধ্যে সংস্কৃত যেটুকু ঢুকেছে, তা হলো অবিভক্ত বাংলায় ব্রিটিশ পৃষ্ঠপোষকতায় হিন্দু আধিপত্যের কারণে। এবং এটাই সত্য যে বাংলা একটি সরল ভাষা এবং তাতে সহজেই নতুন উর্দু শব্দ একীভূত করা সম্ভব। এবং এভাবেই বাংলা এমন একটি ভাষার কাছাকাছি রূপ ধারণ করেছে, যা তাকে উপমহাদেশের ইতিহাসে ইসলামি চিন্তাধারার জিম্মাদার করে তুলেছে। সুলেরি আবেদন রেখেছেন যে বাংলার দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে হবে। এ ইস্যু অবশ্যই মোকাবিলা করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে।
চার্লস ডি. উইদার্স এরপর বলেন, নিবন্ধের দ্বিতীয় অংশে সুলেরি উল্লেখ করেছেন, গোলযোগের আগে বাংলা ভাষার আন্দোলন ‘সম্পূর্ণরূপে দেশীয় ও দেশপ্রেমমূলক’। এবং সেটা এমন মোটেই নয় যে, যেটা ব্যাপকভাবে অভিযোগ করা হচ্ছে যে ‘বিদেশি ও কমিউনিস্ট চক্র’ কারসাজি করেছে। তিনি পূর্ববঙ্গের নেতাদের অভিযুক্ত করেন এই বলে যে তাঁরা বাংলা ভাষা আন্দোলনের বাস্তবতা উপলব্ধি করতে পারেননি এবং জনপ্রিয় ভাবাবেগকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন। তিনি এ বিষয়টি নির্দিষ্ট করেন যে ধ্বংসকারী শক্তি দ্রুত বিষয়টি লুফে নেয়।
বিদেশি ও কমিউনিস্টদের প্রতি সুলেরির ইঙ্গিত সমর্থন করে উইদার্স মন্তব্য করেন যে ‘তাদের দ্বারা পরিস্থিতি নিজেদের অনুকূলে নেওয়ার যে চেষ্টার কথা সুলেরি লিখেছেন, মার্কিন দূতাবাস তা বিশ্বাস করে।’