বিদেশি চাপে মধ্যবর্তী নির্বাচন হবে না: কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি বিদেশনির্ভর দল। দলটি মনে করছে বিদেশিদের দিয়ে চাপ প্রয়োগ করে সরকারকে নির্বাচন করতে বাধ্য করা যাবে। কিন্তু সরকার কোনো চাপেই মধ্যবর্তী নির্বাচন দেবে না।

আজ রোববার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী ও সাংবাদিক জগ্‌লুল আহ্‌মেদ চৌধূরী স্মরণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক স্মরণসভায় কামরুল এসব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি বিদেশনির্ভর দল। এখনো তারা মনে করছে বিদেশিরা সরকারকে চাপ প্রয়োগ করে নির্বাচনে বাধ্য করবে। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই—এ দেশে কোনো অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকার আসবে না। মধ্যবর্তী নির্বাচনেরও আশঙ্কা নেই। মেয়াদ পূর্ণ করে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। স্বাদ থাকলে সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে থাকুন।’
অভিনেতা এ টি এম শামসুজ্জামান বলেন, কাইয়ুম চৌধুরী বড়মাপের বাঙালি ছিলেন। বাঙালি হিসেবে তার স্পন্দন চিনে নিতে পারতেন। এ প্রশ্নে কখনো আপসও করেননি। কোনো প্রতিরোধই তাঁকে অবরুদ্ধ করেনি।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, কবি রবীন্দ্র গোপ প্রমুখ।