বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা
বাংলাদেশে ডাউনলিংক করা বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে দেশি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। তথ্য মন্ত্রণালয় এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করেছে। গতকাল সোমবার তথ্য বিবরণীতে এ তথ্য জানিয়ে বলা হয়, কেব্ল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন অনুযায়ী, বিজ্ঞাপন প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা ভঙ্গকারী সংশ্লিষ্ট বিদেশি টিভি চ্যানেল ডিস্ট্রিবিউশনের অনাপত্তি, অনুমতি, লাইসেন্স বাতিলসহ আইন অনুযায়ী অন্যান্য শাস্তি আরোপ করা হবে।
বাংলাদেশে সম্প্রচারিত বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন বন্ধের দাবিতে সম্প্রতি আন্দোলনে নামে ‘মিডিয়া ইউনিটি’। তাদের অভিযোগ, বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে দেশের টাকা ‘অবৈধভাবে’ বিদেশে ‘পাচার’ হয়ে যাচ্ছে। পরে সরকারের উচ্চপর্যায়ের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়।
এ ছাড়া বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশি কোনো টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার বন্ধের জন্য আইনি নোটিশ পাঠিয়েছিলেন একজন আইনজীবী। ওই নোটিশে বলা হয়, ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ কেব্ল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন পাস হয়। ওই আইনের ১৯(১৩) ধারায় বলা হয়েছে, বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশি কোনো টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা যাবে না। এ আইনের ১৫ ধারা অনুসারে কোনো অনুষ্ঠান ১৯ ধারার পরিপন্থী হলে সরকার তাৎক্ষণিক বা যাচাই করে ওই চ্যানেলের বিপণন প্রজ্ঞাপন ও সম্প্রচার সাময়িক বা স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দিতে পারে।
এখন আনুষ্ঠানিকভাবে ডাউনলিংক করা বিদেশি টিভি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করল সরকার।