বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু বাংলাদেশে দেখানোর জন্য বিদেশি চ্যানেলের আলাদা ডাউনলিংক বন্ধ করা, বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি ও দেশীয় চ্যানেলে বাংলায় ডাবিং করা বিদেশি সিরিয়ালের প্রচার বন্ধের দাবি জানিয়েছে টেলিভিশন মাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সংগঠন মিডিয়া ইউনিটি।
গতকাল রোববার রাজধানীর ঢাকা ক্লাব মিলনায়তনে নবগঠিত এই সংগঠনটির উদ্যোগে আয়োজিত সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। বেসরকারি টেলিভিশন মালিক, টেলিভিশনের শিল্পী-কলাকুশলী, পরিচালক, নাট্যকার, সংবাদকর্মী ও গণমাধ্যমের বিভিন্ন বিভাগে কর্মরতদের ১৪টি সংগঠন নিয়ে মিডিয়া ইউনিটি গঠিত হয়েছে। এর নেতৃত্বে বিভিন্ন বেসরকারি টেলিভিশনের মালিকেরা রয়েছেন।
সমাবেশ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। অপর দাবিগুলো হলো বিদেশি কোনো চ্যানেল বাংলাদেশে ডাউনলিংক করতে ৫ কোটি টাকা এককালীন ফি ও প্রতিবছর আড়াই কোটি টাকা নবায়ন ফি দেওয়ার বিধান করা, ইতিমধ্যে বাংলাদেশে প্রচারিত সমস্ত অবৈধ ডাউনলিংক চ্যানেল বন্ধ করা, কোনো চ্যানেল ডাউনলিংক করা হলে সেই দেশের মূল চ্যানেল করতে হবে, বাংলাদেশের জন্য আলাদা করে করা যাবে না এবং বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের নামে অর্থ পাচার বন্ধ করতে হবে।
সমাবেশে দেওয়া লিখিত বক্তব্যে বলা হয়, ভারতীয় চ্যানেলের নামে কিছু বিদেশি চ্যানেল অনুমোদনহীন বাংলাদেশে ডাউনলিংক হচ্ছে। এগুলোর উদ্দেশ্য বাংলাদেশের বিজ্ঞাপনের বাজার দখল করা।
সমাবেশ থেকে দাবি মানার জন্য সরকার ও সংশ্লিষ্টদের জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। তা না হলে ওই দিন ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করা হবে বলে জানানো হয়।
সমাবেশে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান এবং মিডিয়া ইউনিটির উপদেষ্টা মাহফুজুর রহমান এই অবৈধ ডাউনলিংক ও বিজ্ঞাপন ব্যবসার জন্য একটি মাত্র বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিককে দায়ী করেন।
আওয়ামী লীগ সভাপতির বেসরকারি খাত-বিষয়ক উপদেষ্টা ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে এই সমস্যাগুলো সমাধান কঠিন নয়। এসব নিয়ে নীতিমালা করা হলে অবৈধ কাজ বন্ধ হবে।
সমাবেশে একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, দেশ টিভির উপব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম, বাংলাভিশনের চেয়ারম্যান আবদুল হক, এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুনুর রশিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল, সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, গাজী টিভির ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফয়েজ, বিজয় টিভির ব্যবস্থাপনা পরিচালক মুহিবুল হাসান চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেত, নিউজ ২৪-এর প্রধান নির্বাহী নঈম নিজাম, পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েত, অভিনয় শিল্পী সংঘের সভাপতি নাসিম, অভিনেতা জাহিদ হাসান, শহিদুল আলম সাচ্চু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ বক্তব্য দেন।