বিদেশি চ্যানেলের অবৈধ ডাউনলিংক ও বিজ্ঞাপন বন্ধের দাবি
শুধু বাংলাদেশের জন্য আলাদা করে বিদেশি চ্যানেলের ডাউনলিংক বন্ধ, বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ায় নিষেধাজ্ঞা ও দেশীয় চ্যানেলে বাংলায় ডাবিং করা বিদেশি সিরিয়ালের প্রচার বন্ধের দাবি জানিয়েছে মিডিয়া ইউনিটি।
আজ রোববার রাজধানীর ঢাকা ক্লাব মিলনায়তনে সংগঠনটির উদ্যোগে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। বেসরকারি টেলিভিশন মালিক, টেলিভিশনের শিল্পী-কলাকুশলী, পরিচালক, নাট্যকার, সাংবাদিক ও গণমাধ্যমের বিভিন্ন বিভাগে কর্মরত ব্যক্তিদের ১৬টি সংগঠন নিয়ে মিডিয়া ইউনিটি গঠিত হয়েছে। এর নেতৃত্বে বিভিন্ন বেসরকারি টেলিভিশনের মালিকেরা রয়েছেন।
আজকের সমাবেশ থেকে ৬ দফা দাবি তুলে ধরা হয়। অপর দাবিগুলো হলো বিদেশি কোনো চ্যানেল বাংলাদেশে ডাউনলিংক করতে পাঁচ কোটি টাকা এককালীন ফি ও প্রতিবছর আড়াই কোটি টাকা নবায়ন ফি দেওয়ার বিধান করা, ইতিমধ্যে বাংলাদেশে প্রচারিত সমস্ত অবৈধ ডাউনলিংক চ্যানেল বন্ধ করা, কোনো চ্যানেল ডাউনলিংক করা হলে সে ই দেশের মূল চ্যানেল করতে হবে, বাংলাদেশের জন্য আলাদা করে করা যাবে না এবং বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের নামে অর্থ পাচার বন্ধ করতে হবে।
সমাবেশে দেওয়া লিখিত বক্তব্যে বলা হয়, ভারতীয় চ্যানেলের নামে কিছু বিদেশি চ্যানেল অনুমোদনহীন বাংলাদেশে ডাউনলিংক হচ্ছে। এগুলো ভারতে প্রদর্শিত হয় না। সেখানে এর অনুমোদনও নেই। অথচ বাংলাদেশে দেখানো হচ্ছে। এই চ্যানেলগুলোর উদ্দেশে বাংলাদেশের বিজ্ঞাপনের অর্থ গ্রাস করা। বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে বিজ্ঞাপন বিল বিদেশে পাচার করা হচ্ছে। গত এক বছরে বহু কোটি টাকা এভাবে দেশ থেকে পাচার হয়ে গেছে।
সমাবেশে বলা হয়, বৈধ পথে যে পরিমাণ টাকা বাইরে যাচ্ছে, তার চেয়ে ১০ গুণ বেশি অর্থ পাচার হচ্ছে হুন্ডির মাধ্যমে। অবৈধ বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ায় দেশীয় টেলিভিশন চ্যানেলগুলোর বিজ্ঞাপনের বাজার সংকুচিত হচ্ছে। তা ছাড়া বিজ্ঞাপনদাতা দেশীয় চ্যানেলে কম মূল্যে বিজ্ঞাপন দিচ্ছেন। এতে টেলিভিশনে বেশি বিজ্ঞাপন প্রচারের কারণে দর্শকেরা বিরক্ত হচ্ছেন।
সমাবেশ থেকে দাবি মানার জন্য সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। তা না হলে ওই দিন ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করা হবে বলে জানানো হয়। বক্তাদের মধ্যে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান এবং মিডিয়া ইউনিটির উপদেষ্টা মাহফুজুর রহমান এই অবৈধ ডাউনলিংক ও বিজ্ঞাপন ব্যবসার জন্য একটিমাত্র বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিককে দায়ী করেন। তিনি এ পথ থেকে ওই মালিককে সরে আসার আহ্বান জানান। তিনি শিল্পী-কলাকুশলীদের তাঁদের এই দাবির প্রতি সমর্থন দেওয়া ও আন্দোলনে সঙ্গে থাকার অনুরোধ জানিয়ে বলেন, সঙ্গে না থাকলে তাঁদের ওই একটি চ্যানেল ছাড়া বাকি ২৬টি চ্যানেলে তাঁদের কোনো অনুষ্ঠান প্রচার হবে না।
আওয়ামী লীগ সভানেত্রীর উপদেষ্টা ও বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশনের চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে এ সমস্যাগুলো সমাধান কঠিন নয়। এসব নিয়ে নীতিমালা করা হলে কেউই অপরাধ করতে পারবে না। অবৈধ কাজ বন্ধ হবে।
সমাবেশে মিডিয়া ইউনিটির আহ্বায়ক ও একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, সদস্যসচিব ও দেশ টিভির উপব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম, বাংলাভিশনের চেয়ারম্যান আবদুল হক, এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুনুর রশিদ, বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল, সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, গাজী টিভির ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফয়েজ, বিজয় টিভর ব্যবস্থাপনা পরিচালক মুহিবুল হাসান চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেত, চ্যানেল ২৪–এর প্রধান নির্বাহী নঈম নিজাম, পরিচালকদের সংগঠন ডিরেক্টর গিল্টের সভাপতি গাজী রাকায়েত, অভিনয় শিল্পী সংঘের সভাপতি নাসিম, অভিনেতা জাহিদ হাসান, শহিদুল আলম সাচ্চু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ বক্তব্য দেন।