বিদেশি জাহাজে মালয়েশিয়ায় যাচ্ছে দেশের দরিদ্র মানুষ
কাঠের ট্রলারের পাশাপাশি সমুদ্রপথে বিদেশি মালবাহী জাহাজে করে মালয়েশিয়ায় পাড়ি দিচ্ছে দরিদ্র মানুষ। জাহাজভাড়া মাথাপিছু ২০ হাজার টাকা। প্রতিটি জাহাজে তোলা হয় ৫০০ থেকে ৯০০ জন মানুষ। প্রতি সপ্তাহে অন্তত তিনটি জাহাজ চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ ও মিয়ানমার থেকে তিন হাজারের বেশি যাত্রীকে থাইল্যান্ডে পৌঁছে দিচ্ছে। আর সপ্তাহে অন্তত পাঁচটি কাঠের ট্রলারে চড়ে যাচ্ছে সাত শতাধিক মানুষ।আগে মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গারা ঝুঁকি নিয়ে ট্রলারে চড়ে এ পথে পা বাড়াত। এখন বগুড়া, বরিশাল, গাইবান্ধা, মাদারীপুর, রংপুর, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের মানুষও পাড়ি জমাচ্ছে। বাদ যাচ্ছেন না নারীরাও। সাধারণত নভেম্বর থেকে মার্চ পর্যন্ত, সাগর যখন শান্ত থাকে, সে সময় সমুদ্রপথে অবৈধভাবে বিদেশে যাওয়ার হিড়িক পড়ে।নৌবাহিনী সূত্রে জানা যায়, ১ ডিসেম্বর সকালে চট্টগ্রাম থেকে ট্রলারে করে বিদেশি জাহাজে তোলার সময় কুতুবদিয়া চ্যানেল থেকে মালয়েশিয়াগামী ৩২ জন যাত্রীকে আটক করা হয়। তাঁদের মধ্যে ২০ জন রোহিঙ্গা ছিলেন। পরে তাঁদের চট্টগ্রামের পতেঙ্গা থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের করা হয়।পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘চট্টগ্রাম থেকে জাহাজে করে মালয়েশিয়ায় যাত্রার খবর এই প্রথম জানলাম। আটক ৩২ জনের মধ্যে ১২ জনের বাড়ি টেকনাফ, কক্সবাজার, রামু, মাদারীপুর ও চট্টগ্রামে। মালবাহী জাহাজে মানুষ পাঠানোর বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে।’থানাহাজতে আটক মাদারীপুরের কালকিনি উপজেলার পংশিয়া গ্রামের মো. বিপ্লব (২০) জানান, ৩০ হাজার টাকা দিয়ে দালালের মাধ্যমে বহির্নোঙরে থাকা থাইল্যান্ডের একটি জাহাজে যাচ্ছিলেন। এর আগেই নৌবাহিনীর হাতে ধরা পড়েন। টেকনাফের জাদীমুরা গ্রামের দিল মোহাম্মদের ছেলে জাগির হোসেন (১৪) বলে, ‘টেকনাফ থেকে কাঠের ট্রলারে মালয়েশিয়ায় যেতে ঝুঁকি বেশি। প্রায়ই ট্রলার ডুবে যায়। তাই টেকনাফ থেকে চট্টগ্রামে এসে বিদেশি জাহাজে ওঠার চেষ্টা করছিলাম।’ঝুঁকিপূর্ণ যাত্রা: টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, গত ৭ নভেম্বর টেকনাফ উপকূলের সাতবাইন নামক এলাকায় ১১০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যায়। এর আগে ২৭ অক্টোবর সেন্টমার্টিনস দ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগরে ১৮৬ জন যাত্রী নিয়ে আরেকটি ট্রলারডুবির ঘটনা ঘটে। এখন পর্যন্ত দুই ট্রলারের ২০১ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। তার পরও সমুদ্রপথে আদম পাচার বন্ধ হচ্ছে না।ট্রলারডুবিতে নিখোঁজ মো. আলমের মা টেকনাফ শাহপরীর দ্বীপের পদ্মা বানু (৫০) জানান, দালালেরা তাঁর ছেলেকে জাহাজে তুলে মালয়েশিয়ায় পাঠাবে বলে ৩০ হাজার টাকা নেয়। কিন্তু জাহাজের পরিবর্তে ছেলেকে কাঠের ট্রলারে তুলে দেয়। অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে ছেলেসহ অনেকের মৃত্যু হয়েছে।টেকনাফের দালাল শরীফ হোছন ও ফিরোজ আহমদ বলেন, চট্টগ্রাম বন্দরে মাল নিয়ে আসা থাইল্যান্ডের কিছু জাহাজ ফিরে যাওয়ার সময় চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ ও মিয়ানমার উপকূল থেকে মালয়েশিয়াগামী কয়েক শ যাত্রী তুলে নেয়। দালালেরা ছোট ছোট কাঠের ট্রলারে করে যাত্রীদের কূল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে (বহির্নোঙরে) অপেক্ষমাণ বিদেশি জাহাজে তুলে দেয়। জাহাজভাড়া জনপ্রতি ২০ হাজার টাকা।১৮৬ যাত্রীর ফিরে আসার কাহিনি: ১১ নভেম্বর রাত ১০টা। কক্সবাজারের মহেশখালীর গোরকঘাটা থেকে ৮০ জন যাত্রী নিয়ে রওনা দেয় একটি ট্রলার। ট্রলারের মাঝি সৈয়দ আলম (৪৫)। তাঁর বাড়ি টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়ায়। থাকেন প্রায় ৭০ কিলোমিটার দূরে উখিয়ার মরিচ্যাবাজারে। এর আগেও তিনি সমুদ্রপথে মালয়েশিয়ায় যাত্রী নিয়ে গেছেন সাতবার।ট্রলারটি কক্সবাজারের হিমছড়ি ও টেকনাফের বাহারছড়ার শামলাপুর উপকূল থেকে আরও ১০৬ জন যাত্রী বোঝাই করে। রাত ১২টার দিকে ১৮৬ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনস দ্বীপ অতিক্রম করে মিয়ানমারের সমুদ্রসীমায় গিয়ে পৌঁছায়। পরদিন রাত ১০টার দিকে হঠাৎ ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর ট্রলারটি সাগরে দুলতে থাকে। চার দিন, চার রাত সাগরে ভাসার পর ট্রলারটি পৌঁছায় ভারত ও মালদ্বীপ উপকূলে। এরপর টেকনাফের ডেইলপাড়ার দুই যাত্রী বিকল ইঞ্জিনটি কোনোমতে ঠিক করেন। এরপর আরও চার দিন, চার রাত চালানোর পর ট্রলারটি পৌঁছায় সেন্টমার্টিনস উপকূলে। এখানে এসে ট্রলারের ইঞ্জিন আবার বিকল হয়ে পড়ে। ১২ দিন পর ২৩ নভেম্বর রাতে যাত্রীদের আত্মীয়স্বজনেরা তাঁদের উদ্ধার করে নিয়ে আসেন। পরে বিজিবির সদস্যরা নষ্ট ট্রলারটি জব্দ করেন।ট্রলারটিতে সবচেয়ে কম বয়সী যাত্রী ছিল ডেইলপাড়ার এমদাদ (১৪)। সে বমি করতে করতে আধমরা হয়ে পড়েছিল। কাঁদতে কাঁদতে দুই চোখ ফুলে গিয়েছিল। ২৬ নভেম্বর এমদাদ এ প্রতিবেদককে বলে, ‘প্রাণ নিয়ে ফিরে আসতে পারব, ভাবিনি। প্রাণ হাতে নিয়ে এভাবে মানুষ মালয়েশিয়ায় যায়! ভাবতে অবাক লাগছে।’ টেকনাফ থানার ওসি মোহাম্মদ ফরহাদ বলেন, মালয়েশিয়ায় পাচারের সময় ইতিমধ্যে শতাধিক লোককে উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজন দালালকেও গ্রেপ্তার করা হয়েছে। তার পরও আদম পাচার বন্ধ করা যাচ্ছে না।