বিদেশি জেলেদের হামলায় অতিষ্ঠ বরগুনার জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ বঙ্গোপসাগরের বরগুনা-পটুয়াখালী জেলার ১০০ কিলোমিটার সমুদ্রসীমায় ভারতীয় ও মিয়ানমারের জেলেরা বাংলাদেশি জেলেদের ওপর হামলা চালিয়ে মাছ লুটে নিচ্ছে বলে স্থানীয় জেলেরা অভিযোগ করেছেন। এ ব্যাপারে গত বৃহস্পতিবার বরগুনা জেলা ট্রলার মালিক ও জেলে সমিতি পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন।বরগুনা জেলে সমিতির সভাপতি দুলাল মাঝি জানান, ভারতীয় ও মিয়ানমারের জেলেরা মাছ ধরার বড় ট্রলিং বোট নিয়ে বাংলাদেশের জলসীমা বলেশ্বর আউনের চতারী এলাকায় প্রবেশ করে। তিন মাস ধরে তারা ছোট ফাঁসের জাল দিয়ে মাছ ধরে নিয়ে যাচ্ছে। গত ২ ডিসেম্বর বিদেশি জেলেরা ওই এলাকায় ঢুকে বাংলাদেশি জেলেদের প্রায় ৬০টি ট্রলারে হামলা চালায়। এ সময় তারা বাংলাদেশি জেলেদের পেটায় এবং জাল ও মাছ লুটে নেয়।জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, গত ২৮ ডিসেম্বর সুন্দরবনের সোনারচর, বড় রাবাধা, শিপসা ও বলেশ্বর আইন এলাকায় ভারতীয় তিন শতাধিক মাছ ধরার ট্রলার ঢুকে বাংলাদেশি জেলেদের ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় এসব ট্রলারের জাল, মাছ লুট করে ভারতীয় জেলেরা। পাথরঘাটার ইউএনও মো. আনোয়ার পাশা জানান, স্মারকলিপিটি তিনি তাত্ক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।কোস্টগার্ডের দক্ষিণাঞ্চলের কমান্ডার লোকমান হোসেন বলেন, ‘আমরা যত দূর টহল দিই, সেসব এলাকায় ভারতীয় বা অন্য কোনো দেশের অনুপ্রবেশকারীদের ট্রলার আমাদের চোখে পড়েনি। আমাদের চোখে পড়লে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’