কর্ণফুলী নদীতে চট্টগ্রাম বন্দর চ্যানেলে (জাহাজ চলাচলের পথ) জ্বালানি তেলবাহী একটি বিদেশি ট্যাংকার গতকাল বৃহস্পতিবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরপরই উৎকণ্ঠা শুরু হয় বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে নানা প্রস্তুতি নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষতি ছাড়াই প্রায় ১০ ঘণ্টা পর জাহাজটি জেটিতে ভেড়ানো সম্ভব হয়।
বন্দর কর্মকর্তারা জানান, হংকংয়ের পতাকাবাহী ‘এমটি অ্যাসট্রল এক্সপ্রেস’ নামের ট্যাংকারটিকে গতকাল সকাল ৭টা ২০ মিনিটে জোয়ারের সময় জেটি ‘ডিওজে-৫’-এ ভেড়ানো হচ্ছিল। জেটিতে ভেড়ানোর আগে ট্যাংকারটি ঘোরানোর সময় এর নিচের অংশ পানির তলদেশে আটকে যায়। ট্যাংকারটিতে ২৭ হাজার মেট্রিক টন ডিজেল রয়েছে। ট্যাংকারটি লম্বায় প্রায় ১৮০ মিটার।
বন্দরের কর্মকর্তারা জানান, জাহাজটি চ্যানেলের এক পাশে আটকে থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বন্দর। বন্দরে জাহাজ চলাচলেও ব্যাঘাত ঘটেনি। ট্যাংকারটি বন্দরের মূল চ্যানেলে আটকা পড়লে সাগর থেকে বন্দর জেটিতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যেত। আবার জাহাজটি কাত হয়ে বা ফুটো হয়ে জ্বালানি তেল ছড়িয়ে পড়লে ভয়াবহ দূষণের মধ্যে পড়ত কর্ণফুলী নদী।
এ বিষয়ে বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই সার্বক্ষণিক তদারকি করা হয়। বিকেল পাঁচটায় জাহাজটি নিরাপদে উদ্ধার করে আবার জেটিতে ভেড়ানো হয়। উৎকণ্ঠা থাকলেও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল।
বঙ্গোপসাগর থেকে বন্দরের মূল জেটি পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার নদীপথ ব্যবহার করে বন্দর জেটিতে জাহাজ আনা-নেওয়া হয়। সমুদ্রপথে আমদানি-রপ্তানি পণ্যের ৯৩ শতাংশই এই বন্দর দিয়ে পরিবহন হয়। এ কারণে বন্দর চ্যানেলে কোনো দুর্ঘটনা ঘটলে তা বৈদেশিক বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলার আশঙ্কা তৈরি করে।
দুর্ঘটনার পরপরই বন্দরে বর্জ্যতেল অপসারণকারী জাহাজ ‘বে ক্লিনার’ ঘটনাস্থলে পাঠানো হয়। কোনো কারণে জ্বালানি তেল ছড়িয়ে পড়লে যাতে দূষণ নিয়ন্ত্রণ করা যায়, সে জন্য এই ব্যবস্থা রাখা হয়। নিয়ন্ত্রণ হারিয়ে যাতে ট্যাংকারটি মূল চ্যানেলে কাত হয়ে না পড়ে, সে জন্য তিনটি শক্তিশালী সাহায্যকারী জাহাজ রাখা হয়। দুর্ঘটনার পরপরই ভাটা শুরু হয়। ট্যাংকারটি থেকে জ্বালানি তেল সরিয়ে ছোট আকারের দুটি তেল পরিবহনকারী জাহাজে রাখা হয়। প্রায় ৩ হাজার ৬০০ মেট্রিক টন জ্বালানি তেল সরিয়ে ট্যাংকারটির পানির নিচের অংশের গভীরতা এক মিটার কমিয়ে আনা হয়।
জহাজটির স্থানীয় প্রতিনিধি প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ট্যাংকারটি যাতে পানিতে ভাসাতে সহজ হয় সে জন্য জ্বালানি তেল ছোট ট্যাংকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়।
বন্দর কর্মকর্তারা জানান, সব প্রস্তুতি নেওয়ার পর গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে জোয়ারের সময় ট্যাংকারটি পানিতে ভাসানোর প্রক্রিয়া শুরু হয়। সন্ধ্যা ছয়টার দিকে ট্যাংকারটি নিরাপদে তেল খালাসের জেটিতে ভেড়ানো হয়।