বিদেশি দূতদের উদ্বেগকে অযাচিত হস্তক্ষেপ হিসেবে দেখবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসের মতো ‘নির্মম ও অজানা শত্রু’ মোকাবিলায় বাংলাদেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকায় ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা। সিজার তাবেলা, হোশিও কুনির মতো বিদেশি নাগরিকদের হত্যায় ইতালিসহ বিভিন্ন দেশের উদ্বেগকে ‘অযাচিত হস্তক্ষেপ’ হিসেবে না দেখারও অনুরোধ জানান তিনি।

গত বৃহস্পতিবার ইতালির জাতীয় দিবস উপলক্ষে তাঁর বাসায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ‘যে কান্না আমরা শুনতে পেয়েছি’ শীর্ষক বক্তৃতায় মারিও পালমা এই অনুরোধ জানান।

মারিও পালমা তাঁর ওই বক্তৃতার অংশবিশেষ গতকাল শুক্রবার দুপুরে ই-মেইলে প্রথম আলোকে পাঠিয়েছেন।

মারিও পালমা বলেন, ‘আজকের বাংলাদেশে আমরা সবাই যে কান্না শুনতে পাচ্ছি, আরও স্পষ্ট করে বললে প্রায় প্রতি সপ্তাহে বিয়োগান্ত যেসব ঘটনার সংখ্যা বেড়ে চলেছে, তার উৎস কিন্তু মৃত খাল বা ‘ডাইয়িং জেল’ কিংবা একসময়ের বুড়িগঙ্গা নামে পরিচিত নদী নয়। এই কান্নার উৎস সেই সব ব্যক্তি, যাঁরা হামলা আর মৃত্যুর শিকারে পরিণত হয়েছেন কিংবা সেই সব ব্যক্তি, যাঁরা ধর্মীয় গোঁড়ামি ও সামাজিক প্রথার স্বঘোষিত রক্ষকদের চেয়ে ভিন্ন চিন্তা ও মতাদর্শ প্রচারের জন্য ভবিষ্যতের সম্ভাব্য হামলার শিকারে পরিণত হতে পারেন বলে আশঙ্কা করছেন।’

‘সিজার তাবেলা ও হোশিও কুনির হত্যার পর বিদেশি সম্প্রদায়ের কান্না এবং ব্লগার, বুদ্ধিজীবী, ধর্মীয় সংখ্যালঘু এমনকি সাধারণ লোকজনের ওপর অনবরত হামলার পর সামগ্রিকভাবে স্থানীয় লোকজনের কান্না কি সরকার বা কর্তৃপক্ষ সত্যিই শুনতে পাচ্ছে?’ প্রশ্ন করেন ইতালির রাষ্ট্রদূত।

মারিও পালমা বলেন, ‘অত্যন্ত সযত্নে লালিত বাংলাদেশের অসাম্প্রদায়িক বৈশিষ্ট্য ও সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্যের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ায় আমরা তাদের (সরকার বা কর্তৃপক্ষ) কাছ থেকে আরও জোরালো অঙ্গীকার দেখতে চাই।’

ইতালির রাষ্ট্রদূত বলেন, ‘ইতালি, ইউরোপীয় ইউনিয়ন এবং এখানে প্রতিনিধিত্বকারী অনেক দেশের উদ্বেগকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হাতে গোনা কয়েকজন কূটনীতিকের অযাচিত হস্তক্ষেপ হিসেবে দেখবেন না। আসুন এর পরিবর্তে আজকের দুর্যোগ—ধর্মের নামে লড়াইরত নির্মম ও অজানা সন্ত্রাসবাদের মোকাবিলায় একসঙ্গে লড়াই করি... এবং এটি আমাদের সাম্প্রতিক বিষাদময় অভিব্যক্তি “কাঁদো বাংলা কাঁদো” থেকে পুনরায় আমাদের চিরদিনের উদ্দীপনা ও গর্বের “জয়, বাংলা, জয়” অভিব্যক্তিতে ফিরিয়ে নিয়ে যাবে।’

গত বছরের সেপ্টেম্বরে ঢাকার গুলশানে সিজার তাবেলা এবং অক্টোবরে রংপুরে দুর্বৃত্তদের হাতে খুন হন হোশিও কুনি। গত মাসে দেশের সর্বশেষ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ইউরোপীয় কূটনীতিকদের ব্রিফ করেন। ওই ব্রিফিংয়ে তাবেলা হত্যার অগ্রগতি কী হলো, সেটা জানতে চেয়েছিলেন মারিও পালমা।