বাংলাদেশে দুজন বিদেশি নাগরিককে হত্যার ঘটনা দুঃখজনক ও নিন্দনীয়। হত্যাকাণ্ডের সঙ্গে জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট) জড়িত বলে ‘দায় স্বীকার’ করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে যাচাই করছে যুক্তরাষ্ট্র।
গতকাল রোববার চট্টগ্রামে কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেইনিং (ক্যারাট) ২০১৫-এর সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।
গত ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানে ইতালির নাগরিক সিজার তাবেলা এবং ৩ অক্টোবর রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। দুটি হত্যাকাণ্ডেই আইএস জড়িত বলে দাবি করা হয়েছে।
বার্নিকাট বলেন, অস্ট্রেলিয়ার ক্রিকেট দল কেন বাংলাদেশে আসেনি, সেটা তাদের নিজস্ব ব্যাপার। তবে নিরাপত্তার আশঙ্কার বিষয়টি সবাই গুরুত্বের সঙ্গে নেয়।
চট্টগ্রামের ঈশা খাঁ নৌ ঘাঁটির স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিসের (এসএমডব্লিউটি) সম্মেলনকক্ষে গতকাল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ মহড়ার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন মার্কিন রাষ্ট্রদূত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী নৌপ্রধান (অপারেশনস) রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, যুক্তরাষ্ট্র নৌবাহিনীর কমোডর এইচ বি লে এবং বাংলাদেশ নৌবাহিনীর কমোডর খালেদ ইকবাল।
পাঁচ দিন ধরে বাংলাদেশের জলসীমায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ যৌথ মহড়া চালায়। এই মহড়ায় যুক্তরাষ্ট্রের দুটি জাহাজ এবং বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বঙ্গবন্ধু, সমুদ্র জয়, আবু বকর, বিজয়, দুর্জয়, ধলেশ্বরী, শাহজালাল, বিএনটি খাদেম অংশ নেয়।
এর আগে সমাপনী অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘অবৈধ মানব পাচার ও মাদক পাচার রোধে এবং অন্যান্য জলদস্যুবিরোধী বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপকে আমরা সম্মান করি। এই উদ্যোগ আরও সাহায্য করবে অন্যান্য বহুজাতিক অপরাধ মোকাবিলায়, যার মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ।’ তিনি বলেন, ‘সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধিতে আমাদের যে প্রতিশ্রুতি, এর উৎকৃষ্ট উদাহরণ ক্যারাট বাংলাদেশ-২০১৫।’
বাংলাদেশ নৌবাহিনীর সহকারী প্রধান রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী বলেন, এ মহড়ার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর দক্ষতা ও পারদর্শিতা আরও উন্নতি লাভ করবে। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সুসম্পর্কেরও উন্নয়ন ঘটবে।