বিদেশি নাগরিক খুনের ঘটনায় বিএনপির উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিনের মধ্যে দেশে দুই বিদেশি নাগরিক খুন হওয়ায় উদ্বেগ জানিয়েছে বিএনপি।
গতকাল শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ উদ্বেগের কথা জানান। তিনি ঢাকায় ইতালির নাগরিক ও রংপুরে জাপানের নাগরিক হত্যায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান। তিনি বলেন, কর্তৃত্ববাদী শাসনে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির প্রেক্ষাপটে দেশের নাগরিকেরাও এখন নিরাপত্তাহীন।
বিএনপির মুখপাত্র গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশুকে গুলি করার ঘটনায় সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেপ্তারের দাবি করেন। তিনি অভিযোগ করেন, দেশকে শাসকদল সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে। রাষ্ট্র ও সমাজে মানুষ এখন ঘরে-বাইরে আর কোনোভাবেই নিরাপদ বোধ করছে না। বিনা ভোটের সাংসদেরা, শাসকদলের ক্যাডাররা সারা দেশে যেভাবে তাণ্ডব ও নৈরাজ্য বিস্তার করছে—তাতে এখন মায়ের পেটের শিশু যেমন নিরাপদ থাকেনি, সাধারণ মানুষসহ অবুঝ শিশুরাও তাদের সন্ত্রাসের শিকারে পরিণত হচ্ছে প্রতিদিন।
এ ছাড়া লক্ষ্মীপুরে বিএনপির সাবেক সাংসদ আশরাফ উদ্দিন নিজানের বাড়িতে হামলার নিন্দা জানিয়েছেন বিএনপির এই মুখপাত্র।