রংপুরে গত বছর জাপানি নাগরিক কুনিও হোশি ও দেশের অন্যান্য স্থানে বিদেশি নাগরিকদের হত্যার মামলায় শিগগিরই আলাদাতে অভিযোগপত্র জমা দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। গতকাল সোমবার রংপুর জেলা পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এ ঘটনার তদন্ত এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি বলেই এটি এখনো পরিষ্কার নয়। তিনি আরও বলেন, রংপুরে সাংবাদিক মসিউর রহমান হত্যার রহস্য বের করতে পুলিশ কাজ করে যাচ্ছে। এ ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে পুলিশ সতর্কতার সঙ্গে কাজ করছে।
রংপুরের পুলিশ সুপার আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইজিপি। বিশেষ অতিথি ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী বেগম শামসুন্নাহার রহমান, পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক হুমায়ুন কবির ও জেলা প্রশাসক রাহাত আনোয়ার।