বিদেশি নাগরিকেরা চাইলে নিরাপত্তা দেবে চট্টগ্রাম নগর পুলিশ
বিদেশি নাগরিকেরা চাইলে তাঁদের নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল। গতকাল রোববার রাতে কমিশনারের সম্মেলন কক্ষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
বৈঠক শেষে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য প্রথম আলোকে বলেন, ঢাকায় ইতালির নাগরিক এবং রংপুরে জাপানি নাগরিক খুন হওয়ার পর থেকে চট্টগ্রামে থাকা বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে তল্লাশিচৌকি। কোনো বিদেশি নাগরিক যদি পুলিশি নিরাপত্তা চান, তাহলে সার্বক্ষণিক ওই বিদেশি নাগরিককে নিরাপত্তা দেওয়া হবে। সংশ্লিষ্ট থানার ওসিদেরও বিষয়টি জানানো হয়েছে।
চট্টগ্রাম শিল্প পুলিশের গোয়েন্দা পরিদর্শক আরিফুর রহমান বলেন, কোনো বিদেশি নাগরিক নিরাপত্তা চাইলে শিল্প পুলিশের পক্ষ থেকেও তাঁদের নিরাপত্তা দেওয়া হবে। তিনি বলেন, চট্টগ্রাম শিল্প পুলিশের পরিচালক তোফায়েল আহমেদ মিয়া বিভিন্ন শিল্প-কারখানায় কর্মরত বিদেশি নাগরিকদের সঙ্গে বৈঠক করে তাঁদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।