বিদেশি পরামর্শকদের ওপর নির্ভরতা কমাতে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা
শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় কোনো প্রকল্প গ্রহণ, প্রণয়ন ও বাস্তবায়নে বিদেশি পরামর্শকের ওপর নির্ভরতা কমিয়ে আনতে স্থানীয় প্রকৌশলীদের সমর্থন চেয়েছেন। এ প্রসঙ্গে তিনি সরকারের নেওয়া পাবলিক প্রকল্পগুলো বাস্তবায়নে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশকে (আইইবি) নিজস্ব সদস্য দ্বারা কয়েকটি পরামর্শক দল গঠনের পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী গতকাল শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ প্রাঙ্গণে আইইবির ৫৫তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ আহ্বান জানান। খবর বাসসের।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের অনেক মেধাবী ও যোগ্য জনশক্তি থাকা সত্ত্বেও বিদেশি পরামর্শকেরা উন্নয়ন প্রকল্পগুলো থেকে বড় অঙ্কের অর্থ নিয়ে যাচ্ছেন।’
এখন থেকে পাবলিক প্রকল্পগুলোতে স্থানীয় পরামর্শকেরা অগ্রাধিকার পাবেন উল্ল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই। বিদেশি পরামর্শক নিয়োগে সরকার আর জনগণের অর্থের অপব্যবহার করতে চায় না।’
অনুষ্ঠানে আইইবির সভাপতি অধ্যাপক প্রকৌশলী শামীমুজ্জামান বসুনিয়া ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম এবং আইইবি ঢাকা কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মহসীন আলী ও সাধারণ সম্পাদক প্রকৌশলী শরিফুল ইসলাম শরীফ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ও বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ইমেরিটাস আবদুল মতিন পাটোয়ারীকে তাঁর কর্মময় জীবনে অসামান্য অবদানের জন্য আইইবি স্বর্ণপদক দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে এ পদক পরিয়ে দেন।
প্রধানমন্ত্রী ৫০ জন ইঞ্জিনিয়ারের হাতে অ্যাসোসিয়েশন মেম্বার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (এএমআইই) ডিগ্রি পদক এবং ৪২ জনের হাতে পেশাদার প্রকৌশলীর সনদ দেওয়ার ঘোষণা দেন।