নিরাপত্তার ‘আন্তর্জাতিক মানদণ্ড’ নিশ্চিত করতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার ব্যবস্থাপনা বেসরকারি বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।
গতকাল রোববার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্রিটিশ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এবং রাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে স্টিয়ারিং কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। রাতের বৈঠকে থাকা উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানান।
৯ মার্চ বাংলাদেশ থেকে আকাশপথে সরাসরি পণ্য পরিবহনের ওপর যুক্তরাজ্যের সাময়িক নিষেধাজ্ঞা জারির প্রেক্ষাপটে সরকার ‘স্বল্পমেয়াদি’ পদক্ষেপ হিসেবে বেসরকারি বিশেষায়িত নিরাপত্তা প্রতিষ্ঠানকে কাজে লাগানোর পদক্ষেপ নিতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানায়।
রাতের বৈঠক শেষে এ বিষয়ে জানতে চাইলে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন কিছু বলতে রাজি হননি। তবে দুপুরের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, বিমানবন্দরের নিরাপত্তায় সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, গত সপ্তাহে বিমানবন্দরের নিরাপত্তার বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে চিঠি পাঠিয়েছিলেন, আজকালের মধ্যে তার জবাব পাঠানো হবে। তাতে বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টিতে অগ্রাধিকার দিয়ে ওই চিঠিতে ভবিষ্যতে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে অবহিত করে এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহযোগিতার জন্য যুক্তরাজ্যকে অনুরোধ জানানো হবে।
বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে এই টানাপোড়েনের মধ্যে গতকাল বেসামরিক বিমান চলাচল (সিভিল এভিয়েশন) কর্তৃপক্ষের চেয়ারম্যান পদ থেকে এয়ার ভাইস মার্শাল সানাউল হককে সরিয়ে দেওয়া হয়। নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরীকে।
ঢাকা থেকে লন্ডনে সরাসরি পণ্য পরিবহনে যুক্তরাজ্যের সাময়িক নিষেধাজ্ঞার পর এখন সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটসও ঢাকা থেকে পণ্য পরিবহনে বাড়তি নিরাপত্তা চেয়েছে। এ ছাড়া সৌদি আরবের বিমান সংস্থা সাউদিয়াও তাদের বিমানে পণ্য পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তা বাড়াতে জোর দিচ্ছে বলে বিমানবন্দরসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।
এদিকে সন্ত্রাসবাদ দমন ও বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য চলতি মাসে তিনটি পৃথক মার্কিন প্রতিনিধিদল ঢাকায় আসছে। এর মধ্যে তথ্যপ্রযুক্তিগত নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাইবার-বিষয়ক উপ-সমন্বয়কারী টমাস ডিউকসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ২২ ও ২৩ মার্চ, বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার-বিষয়ক আন্ডার সেক্রেটারি সারাহ সিউয়ালের নেতৃত্বে এক প্রতিনিধিদল ২৯ মার্চ থেকে ১ এপ্রিল এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালেন বারসিনের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল ৩০ ও ৩১ মার্চ আসবে। শেষের প্রতিনিধিদলটির সফরের মূল প্রতিপাদ্য বিমানবন্দরের নিরাপত্তা। এ ছাড়া দ্বিতীয় প্রতিনিধিদলটি সন্ত্রাসবাদ দমনের প্রেক্ষাপটে বিমানবন্দরের নিরাপত্তা নিয়েও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে। তারা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্বরাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে।
গতকাল দুপুরে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেইকের নেতৃত্বে যুক্তরাজ্যের সাত সদস্যের এক প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠক হয়েছে। বিমানমন্ত্রী রাশেদ খান মেননের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থার উন্নয়ন ও কার্গো কমপ্লেক্সকে ঢেলে সাজাতে ব্রিটিশ প্রতিনিধিদলটি স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কিছু পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দেয়। ওই প্রস্তাবগুলোর মধ্যে গ্রুপ ফোরসহ কয়েকটি বেসরকারি বহুজাতিক সংস্থাকে নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার কথাও বলা হয়েছে বলে উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানায়।
ব্রিটিশ প্রস্তাবের ভিত্তিতে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রীকে প্রধান করে সাত সদস্যের একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। রাতে ওই কমিটির বৈঠকে বেসরকারি বিশেষায়িত নিরাপত্তা সংস্থা নিয়োগের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রাতের বৈঠকে চারটির স্থলে একটি প্রতিষ্ঠানকে নিয়োগের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়।
এদিকে ইউরোপীয় কমিশনের মবিলিটি অ্যান্ড ট্রান্সপোর্ট শাখার নিবন্ধিত প্রত্যয়নকারী ব্রিটিশ প্রতিষ্ঠান বিসিসি লিমিটেডের কর্মকর্তা ডেসিন ও’সালিভান গতকাল রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্স পরিদর্শন করেছেন। তিনি আগামী বুধবার পর্যন্ত বিমানবন্দরের নিরাপত্তার বিভিন্ন দিক খতিয়ে দেখতে টার্মিনাল দুটি পরিদর্শন করবেন।
সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের একটি সূত্র জানায়, ডেসিন ও’সালিভানের প্রতিবেদনের ওপর অনেক কিছু নির্ভর করছে। তিনি এসিসি৩ (এয়ার কার্গো ক্যারিয়ার অপারেটিং ইন ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রম এ থার্ড কান্ট্রি) নীতিমালা অনুযায়ী গত ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যের দেওয়া নির্দেশনাগুলো কার্যকর করার ক্ষেত্রে কতটা অগ্রগতি হলো তা খতিয়ে দেখবেন।
ইউরোপীয় ইউনিয়ন ২০১২ সালের ফেব্রুয়ারিতে নতুন কার্গো পরিবহন নীতিমালা ‘এসিসি৩’ প্রণয়ন করে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে তৃতীয় কোনো দেশ থেকে আকাশপথে পণ্য বা চিঠিপত্র পাঠাতে হলে সংশ্লিষ্ট বিমানবন্দর ও বিমান সংস্থাকে এসিসি৩ অনুযায়ী আকাশ পরিবহন নিরাপত্তা-সংক্রান্ত নিয়মকানুন মানতে হবে।
উড়োজাহাজ, যাত্রী ও তাঁদের বহন করা ব্যাগেজ, বেল্টে দেওয়া ব্যাগেজ, কার্গোতে পাঠানো পণ্য, চিঠিপত্র থেকে শুরু করে টার্মিনাল ও কার্গো কমপ্লেক্সসহ বিমানবন্দরের পুরো সীমানা কীভাবে নিরাপত্তার আওতায় আনতে হবে, এসব নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের কী ধরনের প্রশিক্ষণ থাকা উচিত, তার মৌলিক শর্ত আছে এসিসি৩-এর নীতিমালায়। ইতিপূর্বে বিভিন্ন সময়ে ব্রিটিশ কর্মকর্তাদের পরিদর্শনকালে স্ক্যানিং মেশিনে যেমন ত্রুটি পাওয়া গেছে। একই সঙ্গে মেশিন পরিচালনায় যুক্ত কর্মীদের দক্ষতা বা প্রয়োজনীয় প্রশিক্ষণের ঘাটতিও ধরা পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের একজন কর্মকর্তা বলেন, যুক্তরাজ্যের এই পরিদর্শন ও পর্যবেক্ষণ কেবল তাদের দেশ নয়, পুরো ইউরোপীয় ইউনিয়ন বিবেচনায় নেবে। তিনি বলেন, এর আগে গত নভেম্বরে যখন অস্ট্রেলিয়া কার্গো নেওয়া বন্ধ করল, তখন এখানকার কর্তৃপক্ষ গুরুত্বসহকারে নেয়নি। তখন দুই বিদেশি হত্যা ও আইএসের দায় স্বীকার এবং তার আগে অস্ট্রেলিয়াসহ বিভিন্ন পশ্চিমা দেশের ভ্রমণে সতর্কতা জারির প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার কার্গো বন্ধ করাকে বিদেশি ‘ষড়যন্ত্র’ হিসেবে দেখেছিল এখানকার কর্তৃপক্ষ। এখন দেরিতে হলেও ইতিমধ্যে বিস্ফোরক শনাক্ত করতে পারে এমন স্ক্যানিং মেশিন বসানোসহ নিরাপত্তাঘাটতি পূরণের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।