বিদেশি ফুটবল দেশি রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনীতির মাঠে খেলার পাশাপাশি রোনালদো-মেসি কিংবা পিকে-রামোসদের খেলা নিশ্চয়ই অনেক রাজনীতিবিদই দেখেন। গোল কীভাবে দিতে হয় কিংবা কীভাবে ফাউল করতে হয়—ফুটবল থেকেও তো শেখার আছে অনেক কিছু। ক্লাব ফুটবলে এবারের মৌসুম শেষ হয়ে এসেছে প্রায়। এবারের মৌসুমে খেলা দেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মতামত, বিশ্লেষণ ও অনুভূতি কী? জানার চেষ্টা করেছেন মাসউদ ফোরকান
.
.

বিরোধী দল

দলটা এখন অফ ফর্মে আছে। তারপরও দীর্ঘ পাঁচ বছর পর রিয়াল মাদ্রিদ লিগ শিরোপা জেতায় সেটা তাদের আশাবাদী করে তুলেছে। পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের টপ ফোরে না থাকার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। নির্বাচনে দলটির বাইরে থাকা এবং আর্সেনালের এবার চ্যাম্পিয়নস লিগে সুযোগ না পাওয়ার বিষয়টি একই সূত্রে গাঁথা বলে দাবি করে তারা। ১৯ বছর পর আর্সেনালের চ্যাম্পিয়নস লিগ মিস হওয়া আর ২২ বছর পর গত নির্বাচনে দলটির অংশ না নেওয়ার বিষয়টি অগ্রাহ্য করার সুযোগ নেই বলে মন্তব্য করেন দলটির ক্রীড়াবিষয়ক মুখপাত্র।

বিবৃতি
হে ফ্লোরেন্তিনো পেরেজ, ধানের শীষের শর্করাজাতীয় শুভেচ্ছা নিন। বিশ্বে যখন গণতন্ত্র চরম সংকটে, তার ছায়া পড়েছে ফুটবলবিশ্বেও। বার্সেলোনা সরকার প্রতিবছর আপনাদের শিরোপাবঞ্চিত করেছিল। আপনারা কিন্তু হার মানেননি। পাঁচ বছর পর ঠিকই শিরোপা পুনরুদ্ধার করে ছেড়েছেন। আপনাদের রোনালদো যখন দারুণ ফুটবল খেলে দলকে শিরোপা উপহার দিচ্ছেন, তখন আমাদের দলের রোনালদোকে দেশেই ঢুকতে দেওয়া হচ্ছে না! এভাবে কি খেলা হয়? জানেন, একটা সময় পাঁচ বছর অপেক্ষা করলে আমরাও ক্ষমতায় যেতে পারতাম। কিন্তু এখন সেই পথ বন্ধ। এদিকে আপনাদের আছে বেল। জানেন, আমাদেরও একসময় বেল ছিল। কিন্তু এখন আর মাঠের রাজনীতিতে বেল পাচ্ছি না আমরা! আপনারা সাদা জার্সির দল। আমাদের সমর্থক শিক্ষকেরাও সাদা দল করেন। কত মিল, দেখলেন! ফলে আপনাদের এই শিরোপা জয় আমাদের উৎসাহ জোগাচ্ছে। আপনারা আমাদের আলোর দিশারি।

সরকারি দল
সময় এখন তাদের। ফর্মের তুঙ্গে তারা। চেলসিকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছে দলটি। নিজেদের ফুটবল দল থাকলে সেটাতে মেসি, রোনালদো, নেইমার, বেল, ওজিল, পিকে, রামোস, ন্যয়ারসহ বিশ্বখ্যাত খেলোয়াড়দের সবাইকেই রাখা হতো বলে আশা প্রকাশ করেছে তারা। সামনের বিশ্বকাপের আগে মেসিকে তাঁর দল গোছানোরও নির্দেশনা দিয়েছে দলটি।

.
.

বিবৃতি
চেলসির সব সমর্থককে আমাদের ভাসা ভাসা শুভেচ্ছা। ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ। আর সেই লিগের চ্যাম্পিয়ন আপনারা। আপনাদের সঙ্গে আমাদের কত মিল! সারা বছর ফর্ম ধরে রাখলেন, অন্যদের সুযোগই দিলেন না। আমরাও তো তেমনই। ম্যানইউ, ম্যানসিটি, আর্সেনাল, লিভারপুলদের তো এখন চানখঁারপুলেও খুঁজে পাওয়া যাবে না। ওই দলগুলো এখন কোথায়, যারা নির্বাচনে খেলতে চায়নি? লিগ জিততে লাগে পয়েন্ট, নির্বাচনে জিততে লাগে সিট। আপনাদের পয়েন্ট আছে, আমাদের আছে সিট। আপনারা চ্যাম্পিয়নস লিগে পরের বছর ভালো করে খেলবেন আশা করি। আমাদেরও আন্তর্জাতিক রাজনীতিতে উন্নতি করতে হবে আরও।

প্রধান বিরোধী দল
এই দলটি সব সময়ই ধারাবাহিক। প্রধান বিরোধী দল হিসেবে তাদের অবস্থান শক্ত। ক্ষমতার পালাবদল হয়, কিন্তু তারা নিজেদের অবস্থান ঠিকই ধরে রাখে। নেইমারের উদ্দেশে দলীয় প্রধান বলেন, ‘যৌবন ধরে রাখো, সময় আসবেই। রোনালদো আর মেসির ফর্ম দেখে হতাশ হওয়া যাবে না। সুযোগের অপেক্ষায় থাকতে হবে!’

.
.

বিবৃতি
হে টটেনহাম, আমরা যেমন রাজনীতির সৌন্দর্য, আপনারাও তেমন সৌন্দর্য ফুটবলের। এবার আপনাদের লিগে যে দলটি চ্যাম্পিয়ন হলো, আগের বছর তাদের কী অবস্থা ছিল, বলুন তো? কিন্তু আপনারা আগের বছরও দ্বিতীয় হয়েছেন, এ বছরে তা-ই। ধারাবাহিক। আর আমরা? সেই ২৬ বছর ধরে ফর্ম ধরে রেখেছি অন্যতম বিরোধী দল হিসেবে। এবার তো একেবারে প্রধান বিরোধী দলের ভূমিকায়। সবাইকে যে ক্ষমতায় যেতে হবে কিংবা চ্যাম্পিয়ন হতে হবে, এটা আমাদের স্লোগান নয়। আমরা সুন্দর খেলা আর ধারাবাহিকতায় বিশ্বাসী। বিনোদন দেব যাতে দর্শক আর জনগণ তা মনে রাখে। আর ম্যানইউয়ের কোচ মরিনহোকে বলব, আমরা দুজনই স্পেশাল ওয়ান। ফর্ম থাকুক আর না-ই থাকুক, মিডিয়া কাঁপাব নানান মন্তব্য করে। আপনি একসময় নিজের দলকে চ্যাম্পিয়নস লিগ জেতাতেন। আমিও অনেক দিন ক্ষমতায় ছিলাম। চলুন, একদিন কোল্ড কফি খাই। হারানো সুদিন কীভাবে ফিরিয়ে আনা যায়, সেটার পরিকল্পনা আর সুখ-দুঃখের গল্প করি।