বিদেশি বন্ধুদের পুনরায় ক্রেস্ট দেওয়ার নির্দেশনা চেয়ে রিট
স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য বিদেশি বন্ধুদের পুনরায় ক্রেস্ট সঠিকভাবে তৈরি করে দেওয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়।
স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য বিদেশি বন্ধুদের দেওয়া ক্রেস্টে জালিয়াতির বিষয়ে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এ রিট করা হয়। শহীদ পরিবারের সদস্য নাসরিন আহমেদের পক্ষে রিটটি করেন আইনজীবী মনজিল মোরসেদ।
প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য সরকার বিদেশি বন্ধু ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট দেয়। সেখানে ১১.৬৬ গ্রাম সোনা থাকার কথা থাকলেও মাত্র ২.৩৬ গ্রাম সোনা দেওয়া হয়। প্রতিটি ক্রেস্টের জন্য ২ লাখ ৬৬ হাজার ৩২৫ টাকা বিল পরিশোধ করা হয়। তিন দফায় অতিথিদের বাংলাদেশে এনে পদকগুলো দেওয়া হয়। পদক দেওয়া হয় মোট ৩৩৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে।
ক্রেস্ট জালিয়াতির মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় ক্রেস্টগুলো সঠিকভাবে তৈরি করে স্ব স্ব দেশের দূতাবাস বা হাইকমিশনের মাধ্যমে পদকপ্রাপ্তদের কাছে পৌঁছানোর বা পাঠানোর নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। ক্রেস্ট সরবরাহকারী প্রতিষ্ঠানকে দেওয়া সরকারি বিল আদায় করে ওই খরচ নির্বাহের নির্দেশনাও চাওয়া হয়েছে। একই সঙ্গে জালিয়াতির ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করার নির্দেশনাও চাওয়া হয়েছে।
রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্রসচিব, অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা, যুগ্ম সচিব আবুল কাশেম, উপসচিব এনামুল কাদের ও ঢাকা বিভাগীয় কমিশনারকে বিবাদী করা হয়েছে।
আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘ক্রেস্ট জালিয়াতির মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় রিট আবেদনটি করা হয়েছে। কাল মঙ্গলবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে।