বিদেশি বন্ধুদের সম্মাননা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মুক্তিযুদ্ধে অবদানের জন্য আজ রোববার ষষ্ঠ পর্বে বিদেশি বন্ধুদের সম্মাননা দেওয়া হচ্ছে। এবার ৬৮ ব্যক্তি ও সংগঠনকে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ ও ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’—এই দুই শ্রেণীতে সম্মানিত করা হবে। এঁদের মধ্যে ভারতের ৪১ জন ও একটি সংগঠন এবং পাকিস্তানের ১৩ জন রয়েছেন। এ ছাড়া সম্মাননার এবারের তালিকায় আছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কিউবা, জাপান, অস্ট্রেলিয়া, জাপান, সুইডেন ও নেপালের নাগরিক।সম্মাননা নিতে গতকাল শনিবার রাজধানীতে এসে পৌঁছেছেন বিদেশি অতিথিরা।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় সম্মাননায় বিদেশি বন্ধুদের হাতে স্মারক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত পাঁচবারের চেয়ে এবারের অনুষ্ঠানের ব্যতিক্রম হচ্ছে, সম্মাননার এবারের পর্বে দেখা যাবে না প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে। এর আগের প্রতিটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিদেশি বন্ধুদের হাতে সম্মাননা তুলে দিতেন।পররাষ্ট্র ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে এবার যাঁরা সম্মাননা পাচ্ছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হচ্ছেন কিউবার বিপ্লবী নেতা সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন। তাঁদের উভয়কে দেওয়া হবে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’। এই দুজনের পক্ষে সম্মাননা গ্রহণ করবেন যথাক্রমে ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত আবেলার্দো কিউয়েতো সোসা এবং প্রধানমন্ত্রী উইলসনের ছেলে অধ্যাপক রবিন উইলসন।২০১১ সালের ২৫ জুলাই ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ‘বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা’ দেওয়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে সহায়তা করা বিদেশিদের সম্মানিত করার প্রক্রিয়া শুরু হয়। এর পর থেকে এ পর্যন্ত পাঁচটি পর্বে রাজনৈতিক নেতা, সামরিক কর্মকর্তা, বুদ্ধিজীবীসহ ২০৬ জন ব্যক্তিত্ব ও সংগঠনকে সম্মাননা দেওয়া হয়েছে। এবার পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পক্ষে সম্মাননা নেবেন তমা ভট্টাচার্য, ভারতীয় সেনাবাহিনীর তখনকার পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান প্রয়াত লে. জে. জগজিৎ সিং অরোরার পক্ষে লে. জে. (অব.) মহিন্দার সিং, ভারতের আলোকচিত্রী রঘু রাইয়ের পক্ষে অমিত কুমার চৌহান, পাকিস্তানের কবি ফয়েজ আহমেদ ফয়েজের মেয়ে সেলিমা হাশমি, রাজনীতিক মালিক গুলাম জিলানির পক্ষে তাঁর মেয়ে আইনজীবী ও মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীর, অধ্যাপক ও কলামিস্ট ওয়ারিস মিরের পক্ষে তাঁর ছেলে হামিদ মির, যুক্তরাষ্ট্রের কবি অ্যালেন গিন্সবার্গের পক্ষে তাঁর প্রতিনিধি রবার্ট রোজেনথাল।