বিদেশি বন্ধুরা, ভয় পেয়ো না, আস্থা রাখো

কাঁটাতারের ব্যারিকেডের গায়ে ফুলের তোড়া। এর সামনে নিচে পড়ে আছে জ্বলে যাওয়া মোমবাতির কয়েকটি টুকরা। ব্যারিকেডের তারে একটি কাগজে ইংরেজিতে লেখাটি বৃষ্টিতে ভিজে দুই কোনা ছিঁড়ে গেছে। এতে লেখা আছে, ‘প্রিয় বিদেশি বন্ধুরা, আমাদের এখনো অনেক ফারাজ ভাইয়া আছে, তাই ভয় পেয়ো না, আস্থা রাখো।’
গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর সড়কের পূর্ব দিকে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় যাওয়ার পথের মোড়ে এ নিরাপত্তা ব্যারিকেড। পাশে কালো ব্যানারে ইংরেজিতে লেখাটির এক পাশে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের ছবি টানানো। লেখার অর্থ এ রকম, ‘আমরা পথভ্রষ্টদের জন্য দুঃখ প্রকাশ করছি, ক্ষতিগ্রস্তদের পাশে আছি। আমরা জঙ্গিবাদ প্রতিরোধে তোমাদের সঙ্গে আছি।’
পুলিশ হলি আর্টিজান রেস্তোরাঁয় ১ জুলাই জঙ্গি হামলার পর থেকেই ওই রেস্তোরাঁসহ গুলশান কূটনৈতিক এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ রাস্তায় যান চলাচল প্রায় নেই বললেই চলে। এখানে গিয়ে দেখা যায়, পুলিশ, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা আর কিছু দর্শনার্থী সেখানে আছেন।
নিহত ব্যক্তিদের স্মরণে শ্রদ্ধা জানাতে আসেন জাপানি নাগরিক ই কে শিমা। পেশায় তিনি ব্যবসায়ী। তিনি বলেন, রেস্তোরাঁয় হামলায় তাঁর আত্মীয় কেউ মারা যাননি। তবে তাঁর দেশের মানুষ মারা গেছে। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন।
তারের মধ্যে টানানো আরেকটি কাগজে লেখা, ‘আমরা লজ্জিত, শোকাহত বাংলাদেশ’।

নিহত ব্যক্তিদের শ্রদ্ধা জানিয়ে লেখা আছে, ‘আমরা এখানে শোক করতে আসিনি; আমার দুঃখিত, আর বলছি শোনো; তোমাদের এভাবে চলে যাওয়ায় আমরাও উদ্বিগ্ন, তোমাদের জীবনদান বৃথা যেতে পারে না।’
পুলিশের দায়িত্বরত সদস্যরা ৭৯ নম্বর সড়কে যাঁরা প্রবেশ করছেন, তাঁদের শরীর এবং গাড়ি তল্লাশি করে প্রবেশ করাচ্ছেন। এ মোড়ে দায়িত্ব পালন করছেন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) জয়নুল আবেদিন। তিনি বলেন, ‘এখানকার বাসিন্দারা যাঁরাই আসছেন, তাঁদের চেক (তল্লাশি) করে ভেতরে যেতে দিচ্ছি।’ তবে অপ্রয়োজনে যাঁরা ভেতরে যেতে চান, জায়গাটা দেখতে চান, তাঁদের যেতে দিচ্ছেন না বলে জানান তিনি।
শাহজাদপুর থেকে এখানে এসেছেন আশরাফুল ইসলাম। তিনি বলেন, আজই এসেছেন প্রথমবার। হামলার ঘটনার বিবরণ পড়েছেন ও শুনেছেন পত্রিকা ও টিভিতে।
এ সড়কে কিছু ব্যক্তিগত গাড়ি চলছে, আর চলছে কিছু রিকশা। যাঁরাই এ পথ দিয়ে চলাচল করছেন, অন্তত একবার হলেও তাকাচ্ছেন, যদি ওই রেস্তোরাঁ দেখা যায়।