বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে ফ্ল্যাট নির্মাণ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি উদ্যোক্তা ব্যর্থ হওয়ায় তাদের দিয়ে আর ফ্ল্যাট নির্মাণ করবে না সরকার। বিদেশি বিনিয়োগকারীদের সহায়তায় ফ্ল্যাট নির্মাণকে প্রাধান্য দেওয়া হবে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন রাজধানীতে এক সেমিনারে দেওয়া বক্তৃতায় এসব কথা জানিয়েছেন।
রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এই সেমিনারের আয়োজন করে। সুপরিকল্পিত নগরায়ণ ও উন্নয়ন: সরকারি-বেসরকারি অংশীদারের (পিপিপি) আওতায় ব্যক্তি খাতকে অন্তর্ভুক্তকরণ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী বক্তব্য রাখছিলেন।
মোশাররফ বলেন, সরকার ইতিমধ্যে মালয়েশিয়ার সঙ্গে ২০ হাজার ফ্ল্যাট নির্মাণের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সিঙ্গাপুরসহ অন্যান্য দেশের বিনিয়োগকারীদের দিয়ে মোট এক লাখ ফ্ল্যাট নির্মাণ করে তা বিক্রি করা হবে।
দেশীয় ইমারত নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনাদের দিয়ে তো উত্তরায় ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু আপনারা তো পারেননি, ব্যর্থ হয়েছেন। তাই আমরা বিদেশি উদ্যোক্তাদের দিয়ে ভবন নির্মাণের কাজ শুরু করেছি।’
মন্ত্রী বলেন, পরিত্যক্ত সরকারি বাড়িতে বহুতল আবাসিক ভবন নির্মাণ করে সরকারি কর্মকর্তাদের কোয়ার্টার্সে পরিণত করা হবে৷ বিদ্যমান কোয়ার্টার্সগুলোতে বহুতল ভবন নির্মাণ করে সরকারি বাসার সংকট দূর করা হবে৷ রাজধানীর সৌন্দর্যবর্ধনে হাতিরঝিল প্রকল্পের সঙ্গে বনানী-গুলশান লেককে সংযুক্ত করে দাশেরকান্দি পর্যন্ত নেওয়া হবে৷
সেমিনারে বক্তব্য উপস্থাপন করতে গিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত সচিব সোহেল আহমেদ চৌধুরী ঢাকার ৫০ থেকে ১০০ কিলোমিটারের মধ্যে উপশহর নির্মাণের পরামর্শ দেন। তিনি বলেন, প্রতিটি শিল্প ও ব্যবসা অঞ্চলের পাশে একটি করে আধুনিক সব সুবিধাসহ উপশহর নির্মাণ করলে মানুষ আর শুধু ঢাকামুখী হবে না।
সেমিনারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান জি এম জয়নাল আবেদিন ভূঁইয়া বলেন, ‘ব্যবসায়ীদের সঙ্গে আমাদের কোনো প্রতিযোগিতা নেই।’ তবে তারা (বেসরকারি ইমারত নির্মাণকারী প্রতিষ্ঠান) কী দেশের ভবন নির্মাণের ন্যূনতম আইনগুলোও জানে না? এই প্রশ্ন তুলে তিনি বলেন, তাদের আইন মেনে ভবন নির্মাণে বাধ্য করতে হলে কী প্রতিটি ভবনের জন্য পুলিশ রাখতে হবে?
সভায় আইবিএফবির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী, সভাপতি হাফিজুর রহমান খানসহ বেসরকারি খাতের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।