বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানালেন রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরেন চেম্বারের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন ফরেন চেম্বারের সভাপতি রূপালী চৌধুরী। মঞ্চে ছিলেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য (বাঁয়ে) এবং ইয়ংওয়ানের চেয়ারম্যান কিহাক সাঙ এবং বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও জিম ম্যাককেবে (ডানে) l ছবি: প্রথম আলো
ফরেন চেম্বারের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন ফরেন চেম্বারের সভাপতি রূপালী চৌধুরী। মঞ্চে ছিলেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য (বাঁয়ে) এবং ইয়ংওয়ানের চেয়ারম্যান কিহাক সাঙ এবং বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও জিম ম্যাককেবে (ডানে) l ছবি: প্রথম আলো

বিদ্যুৎ উৎপাদন, গ্যাস ও তেল অনুসন্ধান, অবকাঠামো, জাহাজ নির্মাণ, টেক্সটাইল ও কৃষিভিত্তিক শিল্পে বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে বেশি করে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার বিদেশি বিনিয়োগের শতভাগ নিরাপত্তা প্রদানের পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করছে। এ ছাড়া এ দেশে স্বল্পমূল্যে শ্রমিক প্রাপ্তি, পণ্যের বিশাল বাজার, কর-অবকাশ, যাতায়াত ও বন্দর ব্যবহারের নানা সুবিধা রয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সরকার বিনিয়োগবান্ধব নীতিমালা প্রণয়ন, আইন ও বিধি সংস্কারের মাধ্যমে সার্বিক বিনিয়োগের পরিবেশ উন্নয়নে কাজ করছে।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ এসব কথা বলেন।
ফরেন চেম্বারের সভাপতি রূপালী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইয়ংওয়ান গ্রুপের চেয়ারম্যান কিহাক সাঙ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ম্যাককেবে।
বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সরকারের পাশাপাশি এফআইসিসিআইয়ের সদস্যদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে অনুষ্ঠানে তিনি জানান, এফআইসিসিআইয়ের ৫০ বছর পূর্তির পাশাপাশি তাঁর বৈবাহিক জীবনেরও ৫০ বছর পূর্ণ হয়েছে।
অনুষ্ঠানে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশীয় বিনিয়োগ ও জাতীয় প্রবৃদ্ধি বাড়াতে হলে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করা খুবই জরুরি। কারণ, সরাসরি বিদেশি বিনিয়োগ যদি ১ শতাংশ বৃদ্ধি করা যায়, তাহলে জাতীয় প্রবৃদ্ধি শূন্য দশমিক ২২ শতাংশ বৃদ্ধি পায়। আর ১ শতাংশ বিদেশি বিনিয়োগের বিপরীতে ৩ শতাংশ দেশীয় বিনিয়োগ বাড়ে।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) হালনাগাদ পরিসংখ্যান অনুসারে, রাজনৈতিক অস্থিতিশীলতার পরও ২০১৩ সালে বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১৬০ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের চেয়ে ২৪ শতাংশ বেশি। ২০১২ সালে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ১২৯ কোটি ডলার।
কিহাক সাঙ বিদেশি বিনিয়োগ আকর্ষণে রাস্তাঘাট, গ্যাস-বিদ্যুৎ ও বন্দর অবকাঠামোর উন্নতির ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে তৈরি পোশাকশিল্পে অস্থিরতা এবং রাজনৈতিক অস্থিতিশীলতা বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করেছে।
জাতীয় সংগীত বাজিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এতে ফরেন চেম্বারের ওপর একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
পরে রাষ্ট্রপতি কেক কেটে ফরেন চেম্বারের ৫০ বছর পূর্তি উদ্যাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। চেম্বারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে স্মারক ক্রেস্ট উপহার দেওয়া হয়।
উল্লেখ্য, ১৯৬৩ সালে চট্টগ্রামে আগ্রাবাদ চেম্বার অব কমার্স নামে ফরেন চেম্বার যাত্রা শুরু করে। সে সময় বাংলাদেশে ব্যবসায়রত বিদেশি প্রতিষ্ঠানের প্রধান কর্মকাণ্ড ছিল চট্টগ্রামভিত্তিক। ১৯৮৭ সালে এর নামকরণ করা হয় ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)। আর সে বছরই চেম্বারের কার্যালয় ঢাকায় স্থানান্তর করা হয়।
বর্তমানে চেম্বারের সদস্য ১৮৯। বাংলাদেশে বিনিয়োগকারী বিদেশি ও বহুজাতিক শিল্পোৎপাদক, সেবা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এই চেম্বারের সদস্য।