বিদেশি বিনিয়োগকারীদের অনেক অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নিয়ন্ত্রক সংস্থাগুলো অদক্ষ ও কার্যত ক্ষমতাহীন। আমলারা সিদ্ধান্ত দিতে অহেতুক দীর্ঘ বিলম্ব করেন। দরপত্র এমন পদ্ধতিতে আহ্বান করা হয়, যাতে সবচেয়ে ভালো প্রতিষ্ঠানগুলো অংশ নিতে না পারে। যন্ত্রপাতি ও মালামাল আমদানির প্রক্রিয়াও অনেক জটিল।
এসব অভিযোগ দেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে কর্মরত বিদেশি বিনিয়োগকারী কোম্পানিগুলোর। এসব কোম্পানি ‘ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সদস্য। গতকাল বৃহস্পতিবার এফআইসিসিআইয়ের একটি প্রতিনিধিদল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে দেখা করে লিখিতভাবে এসব অভিযোগের কথা জানায়৷
গতকাল বিকেলে সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে তাঁর সঙ্গে সাক্ষাৎকালে প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়, তাঁরা এ দেশের উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে আগ্রহী। কিন্তু সরকারকে এসব প্রতিবন্ধকতা দূর করে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, ‘তাঁদের সমস্যা ও পরামর্শগুলো শুনেছি। এগুলো সম্পর্কে বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
সাক্ষাৎ অনুষ্ঠানে প্রতিনিধিদলের লিখিত বক্তব্যে বলা হয়, খনিজ সম্পদের নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত সরকারিভাবে অনুমোদিত সময়ের (৬০ দিন) মধ্যেই হওয়া বাঞ্ছনীয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তা কয়েক বছরেও হয় না। সরকারি বিধিবিধানের এ রকম লঙ্ঘন তাঁদের বিস্মিত করে।
তেল-গ্যাস খাতে নিয়োজিতদের সমস্যা সম্পর্কে বলা হয়, সমুদ্রবক্ষের জন্য উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) সই অনেক বিলম্বিত করা হয়। ফলে সংশ্লিষ্ট কোম্পানিগুলো যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমনি সরকারের গ্যাস অনুসন্ধান কার্যক্রমও বিঘ্নিত হয়। সমুদ্রবক্ষের পিএসসিতে গ্যাসের দাম নির্ধারণে ব্যয়ের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয় না৷ বিদেশি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কেনা গ্যাসের দাম পরিশোধেও ‘অহেতুক’ বিলম্ব করা হয়।
স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য বিদেশি কোম্পানির সঙ্গে পিএসসি সই বন্ধ রাখায় উদ্বেগ প্রকাশ করে প্রতিনিধিদল বলে, এর ফলে তিন থেকে পাঁচ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) চিহ্নিত করার কাজ ব্যাহত হচ্ছে। এই গ্যাস খুব দ্রুত দৈনিক ৫০ কোটি ঘনফুট করে তোলা সম্ভব। পেট্রোবাংলার সংশ্লিষ্ট সংস্থাগুলোও এ কাজ করতে পারে। কিন্তু তাঁদের কারিগরি, আর্থিক, ও জনবল সংকট রয়েছে।
জানতে চাইলে প্রতিনিধিদলের পক্ষে এফআইসিসিআইয়ের নির্বাহী পরিচালক জামিল ওসমান প্রথম আলোকে বলেন, আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। আরও আলোচনা হবে বলে দুই পক্ষই একমত হয়েছে।
এফআইসিসিআইয়ের নয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ও শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট জেফরি স্ট্রং।
অন্যান্যের মধ্যে ছিলেন সিমেন্স বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইন্দ্রনীল লাহিড়ী, সান্তোস সাঙ্গু ফিল্ড লিমিটেডের প্রেসিডেন্ট অ্যান্ড্রু ডি গ্যারিস; কনোকোফিলিপস বাংলাদেশ এক্সপ্লোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টম আর্লি; ক্রিসএনার্জি বাংলাদেশ লিমিটেডের দেশীয় ব্যবস্থাপক এডউইন জি বাউলস; এশিয়া এনার্জি করপোরেশন বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যারি এন লাই; বরকতুল্লাহ্ ইলেকট্রো ডাইনামিক্সের চেয়ারম্যান ফয়সল আহমেদ চৌধুরী; জিই ইন্টারন্যাশনাল ইনকরপোরেশনের পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স) শরমিলা বারাথন ও এফআইসিসিআইর নির্বাহী পরিচালক জামিল ওসমান।