বিদেশি বিনিয়োগের ঘাটতি দেশেই পূরণ সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) প্রবাহ সাধারণভাবে কম। ২০০৭ সাল থেকে এই প্রবাহ নিম্নমুখী। বিদ্যুৎ ও জ্বালানি খাতে তা আরও কম। কিন্তু এই খাতের উন্নয়নের জন্য এফডিআইয়ের প্রবাহ বৃদ্ধি প্রয়োজন। গবেষণালব্ধ এই তথ্যের পরিপ্রেক্ষিতে রাজনীতিক, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলেছেন, এফডিআই আকৃষ্ট করতে সরকার যেসব প্রণোদনা ঘোষণা করে রেখেছে, দেশীয় উদ্যোক্তাদের সেই প্রণোদনা দেওয়া হলে কম এফডিআই কোনো সমস্যা নয়। তাতে প্রবৃদ্ধি ও উন্নয়ন বিঘ্নিত হবে না। দেশীয় উদ্যোক্তারাই ওই ঘাটতি পূরণ করতে সক্ষম।সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। গতকাল সোমবার সকালে ব্র্যাক সেন্টারে সাবেক অর্থমন্ত্রী ও সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্য এম সাইদুজ্জামানের সভাপতিত্বে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমানের স্বাগত বক্তব্যের পর সভায় ‘বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জ্বালানি খাতের উন্নয়নে এফডিআইয়ের ভূমিকা’ বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন সংস্থার গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন। এতে বলা হয়, ২০০৭ সাল থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে এফডিআই নিম্নমুখী। কিন্তু প্রায় এক দশক ধরে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার এবং জিডিপির হার বাড়ছে। এর পেছনে মূল ভূমিকা সরকারি এবং দেশীয় বেসরকারি খাতের বিনিয়োগের।তবে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে (২০১১-১৫) ৮ শতাংশ জিডিপি অর্জন করতে হলে প্রতিবছর বিদ্যুতের উৎপাদন বাড়াতে হবে সাড়ে ১২ থেকে সাড়ে ১৪ শতাংশ হারে। ওই লক্ষ্য অর্জন করতে হলে জিডিপির প্রবাহ বৃদ্ধি অপরিহার্য। এ জন্য তিনি কিছু নীতি অনুসরণের সুপারিশ করেন।সভায় বিশেষ অতিথির বক্তব্যে সাংসদ রাশেদ খান মেনন বলেন, ‘জ্বালানি খাতে এফডিআই ব্যবহার বাড়িয়ে জাতীয় স্বার্থ রক্ষা কঠিন। আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে জ্বালানি নিরাপত্তার ওপর। তাই দেশীয় বিনিয়োগের ওপরই বেশি জোর দেওয়া উচিত।’ সভার নির্ধারিত আলোচক সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, দেশীয় উদ্যোক্তাদের প্রণোদনা দিলে এফডিআই কম হলেও সমস্যা হবে না। তা ছাড়া অনেক ক্ষেত্রেই এফডিআই নির্ভর করে কোনো দেশের অভ্যন্তরীণ বিনিয়োগ পরিস্থিতির ওপর। সেখানকার রাজনৈতিক অবস্থা, মুদ্রার মানের ওঠানামা প্রভৃতিও বিদেশি বিনিয়োগকারীদের বিবেচনার বিষয়।বিআইডিএসের সাবেক গবেষণা পরিচালক এম আসাদুজ্জামান বলেন, গত কয়েক বছরে বিদ্যুৎ খাতে যে বিনিয়োগ হয়েছে, তাতে বিদেশি বিনিয়োগের অংশ প্রধান নয়। এই খাতে সুশাসনের অভাব রয়েছে।এফবিসিসিআইয়ের উপদেষ্টা মঞ্জুর আহমেদ বলেন, আজকাল বেশির ভাগ বিদেশি বিনিয়োগকারী প্রকৃতপক্ষে বিদেশি বিনিয়োগ আনেন না। দেশের ব্যাংক থেকেই অর্থ নেন। শুরুতে যেটুকু আনেন তা কয়েক মাসের মধ্যেই পাঠিয়ে দেন। আর তাঁদের আগ্রহ থাকে ৩০০ শতাংশ মুনাফার দিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, এফডিআই কোন খাতে আসে, কী শর্তে ব্যবহূত হয় তার ওপর এর ফলাফল নির্ভর করে। কয়লা খাতে উন্মুক্ত পদ্ধতির অনুমতি না দিলে এফডিআই আসবে না। কারণ, তাতে মুনাফায় পোষাবে না। তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানি ও বাপেক্সের কাজ এবং আয়-ব্যয়ের নিকাশ করলেও এফডিআইয়ের ভালো-মন্দ বোঝা যাবে।সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সামগ্রিক প্রবৃদ্ধি ও জ্বালানি খাতের উন্নয়নে এফডিআইয়ের অবদান অনস্বীকার্য। জ্বালানি খাতে এফডিআই কম হওয়ায় প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। তা ছাড়া এফডিআইয়ের প্রবাহে ধারাবাহিকতা না থাকলে লেনদেনের ভারসাম্যে সমস্যা হবে।সভায় অন্যদের মধ্যে পরিকল্পনা কমিশনের সদস্য আবদুল মান্নান হাওলাদার, জিসিএম রিসোর্সেস ও এশিয়া এনার্জি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যারি এন লাই, রেজওয়ানুল ইসলাম, সাইফুল হক প্রমুখও বক্তব্য দেন।