বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস খোলার সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ভেতর বিদেশি বিশ্ববিদ্যালয়ের (উচ্চশিক্ষা) শাখা ক্যাম্পাস ও স্টাডি সেন্টার পরিচালনার সুযোগ দিয়ে বিধিমালার গেজেট জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
‘বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪’ শীর্ষক এই বিধিমালাটি ৩১ মের তারিখে ছাপা হলেও গতকাল বৃহস্পতিবার সেটি প্রকাশ পায়। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা গতকাল বিধিমালা জারির বিষয়টি নিশ্চিত করেন।
শিক্ষাসংশ্লিষ্ট একাধিক ব্যক্তি বলেছেন, এই সুযোগ দেওয়ার ফলে বিদেশের বিশ্ববিদ্যালয়ের নামে অখ্যাতরাও শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার খুলে এ দেশে শিক্ষা-ব্যবসা করার সুযোগ পাবে।
বিধিমালা অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে শাখা ক্যাম্পাস ও স্টাডি সেন্টার পরিচালনা করা যাবে। অনুমতির জন্য নির্ধারিত শর্ত মেনে আবেদন করতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের জন্য ১০ লাখ টাকা ও স্টাডি সেন্টারের জন্য তিন লাখ টাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুকূলে নিবন্ধন ফি (অনুমতিপত্রের জন্য) দিতে হবে। এ ছাড়া, শাখা ক্যাম্পাসের জন্য পাঁচ কোটি টাকা নিজ প্রতিষ্ঠানের নামে সংরক্ষিত তহবিলে এবং স্টাডি সেন্টারের জন্য এক কোটি টাকা জমা রাখতে হবে।
ইউজিসির পরিদর্শন কমিটি নির্ধারিত নিয়ম মেনে সরেজমিন পরিদর্শন করে যাচাই প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ের পাঠাবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় সাময়িক অনুমতিপত্র দেবে। সাময়িক অনুমতির মেয়াদ হবে সাত বছর। শাখা ক্যাম্পাস পরিদর্শনের জন্য দুই লাখ ও স্টাডি সেন্টার পরিদর্শনের জন্য এক লাখ টাকা ফি দিতে হবে। শর্ত ভঙ্গ করলে অনুমোদন বাতিল বা স্থগিত করা যাবে৷ বিধিমালা অনুযায়ী, অনুমতির জন্য শাখা ক্যাম্পাস স্থাপন ও পরিচালনার জন্য নিজস্ব অথবা ভাড়া করা ভবনে কমপক্ষে ২৫ হাজার বর্গফুট জায়গা থাকতে হবে। আর স্টাডি সেন্টারের জন্য নিজস্ব অথবা ভাড়া করা ভবনে ন্যূনতম ১০ হাজার বর্গফুট জায়গা থাকতে হবে।