বিদেশি বোতলে ভেজাল মদ, ৩ বছরের কারাদণ্ড
বিদেশি মদের বোতলে ভেজাল মদ ভরে বিক্রির অপরাধে এক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে পুরান ঢাকার কাপ্তানবাজারে একটি ভবনে এ ভেজাল মদের কারখানায় অভিযান চালায় র্যাব-৩।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রাসেল গাজী (২৭) কারখানাটির মালিক বলে জানিয়েছে র্যাব। ওই বাসা থেকে ৫ হাজার ৬০০টি মদের খালি বোতল, ৯ কেজি অ্যালকোহল, ১০০টি বিদেশি মদের খালি প্যাকেট এবং প্রচুর পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের লেবেল উদ্ধার করা হয়েছে।
আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি প্রথম আলোকে বলেন, বিসিসি রোডের একটি চারতলা ভবনের তিনতলায় মদের কারখানাটি ছিল। এখানে বিদেশি মদের বোতলে হোমিওপ্যাথির তরল অ্যালকোহল দিয়ে ভেজাল মদ তৈরি করা হতো। মদ তৈরির বিদেশি বোতলগুলো বিভিন্ন বার থেকে সংগ্রহ করত চক্রটি। এরপর ঢাকার ছাপাখানায় বোতলের লেবেল তৈরি করে সাঁটিয়ে দেওয়া হতো। এক বোতল ভেজাল মদ পাইকারি বাজারে ৩৫০ থেকে ৪৫০ টাকায় বিক্রি করা হতো। এসব মদ অনেক বারে বিক্রি করা হতো বলে চক্রটি জানিয়েছে। অভিযান শেষে ভেজাল মদ ফেলে দেওয়া হয়।